খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৭ই মে ২০২৬, ১২:১০ এএম

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ আরিফুল ইসলামকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে মাদক সংশ্লিষ্ট মামলায় আসামি থাকার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
গত বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে মোহাম্মদ আরিফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালে কর্ণফুলী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। ওই মামলার ঘটনায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চারজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাদের কাছ থেকে প্রায় ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
এছাড়া ২০২৩ সালে আরও একটি মামলায়ও তার নাম উঠে আসে বলে সূত্র জানিয়েছে। তবে ওই মামলায় পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে তিনি অব্যাহতি পান।
অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর শাহেদ খান রিপন বলেন, বিষয়টি সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে বিভিন্ন মাধ্যমে এ ধরনের তথ্য জানতে পেরেছেন। তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় ছাত্রদলের।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি দুটি মামলার মধ্যে একটি মাদক মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন। অন্য একটি মামলায় তিনি পরবর্তীতে অব্যাহতি পান।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত দলীয়ভাবে তার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোর নথি ও তদন্ত প্রক্রিয়ার ভিত্তিতেই আইনগত অবস্থান নির্ধারিত হয়েছে।
মন্তব্য