জিলাইভ [ GLive ] | truth alone triumphs

১১ তলা থেকে লাফিয়েও বেঁচে গেলেন জার্মানি নারী

জার্মানির রাজধানী বার্লিনের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় জীবন বাঁচাতে ১১ তলার জানালা থেকে লাফ দিয়ে অলৌকিকভাবে বেঁচে গেছেন এক নারী। আগুনের তীব্র শিখা ও ধোঁয়া থেকে আত্মরক্ষায় তিনি জানালার বাইরের অংশে আশ্রয় নিয়েছিলেন। ৯ তলা পর্যন্ত উদ্ধারকারী দলের ফায়ার সার্ভিসের ক্রেন পৌঁছাতে পারলেও নারীটি ছিলেন আরও দুই তলা উঁচুতে। পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাওয়ায় তিনি ৯ তলার ওপর থাকা ক্রেনের বাস্কেট লক্ষ্য করে লাফ দেন এবং নিচে থাকা ফায়ার সার্ভিস কর্মীর বাহুতে নিরাপদে ধরা পড়েন। লোমহর্ষক এই উদ্ধার অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হতেই বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

বার্লিনের ফ্রেডরিশসহাইন এলাকার রেলস্টেশনসংলগ্ন বহুতল ভবনটিতে সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত কালো ধোঁয়ায় পুরো ভবন ছেয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১৬ জন জরুরি সেবাকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। উদ্ধারকারীরা অন্তত ১১৫ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেন এবং আরও কয়েকজনকে বিশেষ মই ব্যবহার করে নিচে নামিয়ে আনেন। এ ঘটনায় লাফ দেওয়া নারীসহ মোট ১৩ জন সামান্য আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভবনের জানালা দিয়ে আগুনের তীব্র শিখা ও ধোঁয়া বের হচ্ছিল। আশ্রয়হীন অবস্থায় পড়ে থাকা নারীটি আগুনের উত্তাপ বাড়তে দেখে ৯ তলার উচ্চতায় থাকা ফায়ার সার্ভিসের বাস্কেটকে লক্ষ্য করে নিচে নামার সিদ্ধান্ত নেন। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে থাকার পর তিনি হাত ছেড়ে দেন এবং প্রায় দুই তলার সমান উচ্চতা থেকে সোজা বাস্কেটে থাকা ফায়ার ফাইটারের কোলের ওপর গিয়ে পড়েন। সময়োপযোগী দক্ষতায় উদ্ধারকারী তাকে শক্ত করে ধরে ফেলায় তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান।

উদ্ধার কাজ শেষে ফায়ার সার্ভিসের মুখপাত্র জানান, উঁচুতলায় বাতাসের বেগ এবং আগুনের তীব্রতার কারণে উদ্ধার অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস কর্মীদের সাহসিকতা ও নিখুঁত সমন্বয়ের কারণে একটি বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছ। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tags :

বাংলা ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর