সুদানের দারফুরে শিবিরে হামলা: বাস্তুচ্যুতদের অবস্থা ভয়াবহ, জানাচ্ছে এমএসএফ

সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক বাহিনীর চালানো হামলা ও শিবির দখলের ঘটনায় বিপুল সংখ্যক মানুষ চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। কয়েক মাস ধরেই দুর্ভিক্ষে ভোগা এই অঞ্চলের লাখো মানুষ আরও কঠিন মানবিক সংকটে পড়েছেন।

তাউইলা শহর থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এল-ফাশারের বাইরে অবস্থিত জমজম শরণার্থী শিবিরে হামলার পর অন্তত ৪ লাখ মানুষ সেখান থেকে পালিয়েছে।

এমএসএফ-এর প্রকল্প সমন্বয়কারী মেরিয়ন রামস্টেইন জানান, “আমরা এমন শিশুদের চিকিৎসা দিচ্ছি যারা পিপাসার কারণে পথেই মারা যাচ্ছিল।” তিনি আরও জানান, “হামলার পর থেকে আমরা ১৭০ জনের বেশি আহতের চিকিৎসা করেছি, যাদের মধ্যে প্রায় ৪০ শতাংশই নারী ও কিশোরী।”

শরণার্থী শিবিরটিতে হামলার আগে প্রায় ১০ লাখ মানুষ আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে দাতা সংস্থাগুলো। গত সপ্তাহে শিবির দখলের ঘোষণা দেয় আধাসামরিক বাহিনী।

এমএসএফ-এর আরেক কর্মকর্তা থিবল্ট হেন্ডলার বলেন, জমজম শিবির থেকে পালিয়ে আসা মানুষের অর্ধেক এখন আশ্রয় নিয়েছে তাউইলায়। “এখানে কোনো পানি নেই, স্যানিটেশন নেই, খাবারও নেই। এক সপ্তাহ আগেও এটি ছিল নির্জন এলাকা, এখন ভরে গেছে বাস্তুচ্যুত মানুষে।”

তিনি আরও জানান, ট্রাকে করে প্রতিনিয়ত মানুষ এসে পৌঁছাচ্ছেন, অথচ এই এলাকায় এত মানুষের থাকার উপযোগী অবকাঠামোই নেই।