খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৭ই জুন ২০২৬, ৮:১৬ পিএম

চলমান ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফতেহির পরিবেশনা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাঁদের গাওয়া অফিশিয়াল থিম সং ‘সির সির’ নিয়ে ফুটবল ও সংগীতপ্রেমীদের মাঝে উন্মাদনা এখনও তুঙ্গে। এই সুরের রেশ কাটার আগেই নতুন এক চমক নিয়ে হাজির হচ্ছেন এই জনপ্রিয় জুটি। আগামী ২৯ জুন মুক্তি পেতে যাচ্ছে তাঁদের নতুন গান ‘চ্যাম্পিয়ান’।
শনিবার সকালে টেক্সাসের ডালাস থেকে মুঠোফোনে আমাদের প্রতিনিধি কে নতুন এই গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন সঞ্জয় দেব। তিনি জানান, ‘চ্যাম্পিয়ান’ গানটি মূলত মানুষের জীবনের বিজয়, উদ্যাপন এবং গভীর আত্মবিশ্বাসের গল্প বলবে।
গানটির অন্তর্নিহিত ভাবার্থ ব্যাখ্যা করে সঞ্জয় বলেন, “এটি কেবল মাঠের খেলায় কোনো ট্রফি বা ম্যাচ জয়ের গান নয়। এটি মানুষের জীবনের যেকোনো বড় অর্জন এবং দীর্ঘ সংগ্রামের পর পাওয়া সাফল্যকে উদ্যাপন করার গান। আমরা চেয়েছি, মানুষ যেন গানটি শুনে অনুপ্রাণিত হয় এবং নিজের ভেতর একটি ইতিবাচক শক্তি খুঁজে পায়। ‘চ্যাম্পিয়ান’ গানটি শুনলে প্রত্যেকের মনে হবে তারা নিজেরাও জীবনের এক একজন বিজয়ী।”
সংগীতের পাশাপাশি এই গানটির পেছনের মূল কারিগরও সঞ্জয় নিজেই। ‘চ্যাম্পিয়ান’ গানটির কথা লেখার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। প্রায় দুই মাস ধরে অত্যন্ত যত্ন নিয়ে এই ট্র্যাকটির কাজ করা হয়েছে। শুরু থেকেই সঞ্জয় ও নোরার পরিকল্পনা ছিল, ফুটবল বিশ্বকাপের এই উন্মাদনার আবহেই গানটি শ্রোতাদের সামনে নিয়ে আসার।
গানটির অডিওর পাশাপাশি এর ভিডিও নির্মাণেও রাখা হয়েছে দারুণ চমক। ‘চ্যাম্পিয়ান’ গানের মিউজিক ভিডিওটি চিত্রায়িত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। চোখ জুড়ানো সমুদ্র সৈকত ও মনোরম প্রকৃতির জন্য এই দ্বীপটি বিশ্বজুড়ে বিখ্যাত।
শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে সঞ্জয় জানান, অত্যন্ত ব্যস্ত শিডিউলের কারণে মাত্র দুই দিনের জন্য তাঁরা তানজানিয়া গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর কঠোর পরিশ্রম করে মাত্র এক দিনেই পুরো মিউজিক ভিডিওর শুটিং শেষ করেন সঞ্জয় ও নোরা। জানজিবারের মনোমুগ্ধকর প্রকৃতি ও সমুদ্রঘেরা নীল জলরাশি গানটির ভিজ্যুয়াল বা দৃশ্যায়নে সম্পূর্ণ ভিন্ন এবং আকর্ষণীয় একটি মাত্রা যোগ করেছে বলে মনে করেন এই সংগীতশিল্পী।
নতুন এই ধামাকা প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোদমে প্রচারণা শুরু করে দিয়েছেন এই দুই তারকা। নোরা ফতেহি তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশে লিখেছেন, “বন্ধুরা, তোমরা সবাই ‘চ্যাম্পিয়ান’-এর জন্য প্রস্তুত তো?” নোরার এমন পোস্টের পর থেকেই দুই তারকার অনুরাগী ও শ্রোতাদের মাঝে গানটি নিয়ে আগ্রহ এবং প্রতীক্ষা বহুগুণ বেড়ে গেছে।
নতুন গান প্রকাশের ব্যস্ততার মাঝেই ফুটবলের মহোৎসবে মেতে আছেন সঞ্জয়। বাংলাদেশ সময় শনিবার সকাল আটটায় ডালাসের স্টেডিয়ামে বসে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ম্যাচটি উপভোগ করার কথা রয়েছে তাঁর। চলমান বিশ্বকাপে এটি হতে যাচ্ছে গ্যালারিতে বসে সঞ্জয়ের সরাসরি ম্যাচ দেখার তৃতীয় অভিজ্ঞতা। এর আগে তিনি মাঠে বসে কানাডা বনাম বসনিয়া এবং স্পেন বনাম সৌদি আরবের মধ্যকার ম্যাচ দুটি উপভোগ করেছিলেন।
তবে আগের দুটি ম্যাচের চেয়ে আর্জেন্টিনা ও জর্ডানের এই লড়াইটি সঞ্জয়ের কাছে সম্পূর্ণ আলাদা এবং বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, এই ম্যাচের মাধ্যমেই তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো সরাসরি গ্যালারিতে বসে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা লিওনেল মেসির জাদুকরী খেলা দেখার সুযোগ পাচ্ছেন।
মেসিকে মাঠে দেখার অনুভূতি প্রকাশ করে সঞ্জয় বলেন, “লিওনেল মেসি একজন জীবন্ত কিংবদন্তি। তাঁর খেলা টেলিভিশনের পর্দায় বহুবার দেখেছি এবং মুগ্ধ হয়েছি। কিন্তু গ্যালারিতে বসে চোখের সামনে তাঁর পায়ের জাদু দেখা সম্পূর্ণ ভিন্ন এক রোমাঞ্চকর অনুভূতি। একজন কট্টর ফুটবলপ্রেমী হিসেবে এই ম্যাচটি আমার জীবনের অন্যতম সেরা ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।”
মন্তব্য