বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করে বলেন, দেশের সব রাজনৈতিক দল এক হয়ে গেছে। গত ২৮ জুলাই বিএনপির মহাসমাবেশের মাধ্যমে দেশের মানুষ জেগে উঠেছে। দেশের সব মানুষের দাবি এখন সংসদ বিলুপ্ত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া।
সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র: মির্জা ফখরুল
রোববার (১৩ আগস্ট) বিকেলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারের পদত্যাগ ও রাষ্ট্রের সংস্কার শীর্ষক এ আলোচনা সভা রাজধানীর শান্তিনগরের একটি হোটেল অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতিতে দুর্যোগময় সময় বিরাজ করছে। আওয়ামী লীগ অতীতে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিল। কিন্তু বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অথচ সরকার ডেঙ্গু পরিস্থিতিকে গুরুত্ব না দিয়ে মেগা প্রকল্পের উদ্বোধন করছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাউয়ুম দলের রাজনৈতিক পর্যালোচনা ও প্রস্তাব তুলে ধরেন। তিনি সংবিধান, জাতীয় সংসদ, স্থানীয় সরকার, নির্বাচনী ব্যবস্থা, আইন, বিচার ও প্রশাসন, মৌলিক অধিকার, অর্থনীতিসহ সাতটি বিষয়ে আইন সংস্কারের দাবি তোলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ।