সন্তানের মোবাইল আসক্তি কমানোর সহজ টিপস

অনেক বাবা-মা সন্তানের পড়াশোনা এড়ানো, খেতে অনীহা বা কথা না শোনার সমস্যায় পড়েন। দুষ্টুমি স্বাভাবিক হলেও বর্তমান জেন আলফা প্রজন্মের শিশুদের ক্ষেত্রে সমস্যা আরও জটিল। দিনের বড় অংশ তারা মোবাইলের পর্দায় কাটায়—গেম খেলা, কার্টুন বা রিল দেখা এখন তাদের নিত্যকর্মে পরিণত। এতে শিশুদের মনোযোগ কমে, জেদি হয়ে যায় এবং শারীরিক কার্যক্রমও কমে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সন্তানকে স্ক্রিনের আসক্তি থেকে দূরে রাখতে কিছু জীবনধারার পরিবর্তন জরুরি:

নিজে মোবাইল থেকে দূরে থাকুন: সন্তানকে সময় দেওয়ার সময় নিজে মোবাইল ব্যবহার করবেন না। তার সঙ্গে কথা বলুন, খেলুন বা কিছু কাজ একসঙ্গে করুন। আপনি যদি নিজে মোবাইল থেকে দূরে থাকেন, সন্তানও অনুকরণ করবে।

ইনডোর গেম ও সৃজনশীল কাজে যুক্ত রাখুন: বাইরে খেলাধুলা সম্ভব না হলে ঘরে বোর্ড গেম, পাজল, ব্লক সেট, আঁকার উপকরণ বা গল্পের বই দিন। রঙ পেন্সিল ও সৃজনশীল কাজে উৎসাহ দিন। এতে শিশুরা স্বাভাবিকভাবে স্ক্রিন থেকে দূরে থাকবে।

খাওয়ার সময় মোবাইল নয়: খাওয়ার সময় মোবাইল ব্যবহার শিশুদের মনোযোগ কমায় এবং খাবারের স্বাদ উপভোগে বাধা দেয়। পরিবারের সবাই মিলে গল্প করা খাওয়ার সময় আনন্দদায়ক করে।

ধীরে ধীরে স্ক্রিন টাইম কমান: হঠাৎ মোবাইল বা টিভি বন্ধ না করে ধীরে ধীরে সময় সীমা নির্ধারণ করুন। দিনে কতক্ষণ এবং কোন সময় মোবাইল ব্যবহার হবে তা ঠিক করুন। নিয়মিত সীমা মেনে চললে আসক্তি কমবে এবং স্বাস্থ্যকর রুটিন তৈরি হবে।

জিলাইভ/টিএসএন