নরওয়ের ৮৭ বছর বয়সী রানি সোনজা শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সোমবার গভীর রাতে অসলোর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজপ্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়েছে, ইস্টার ছুটি কাটানোর সময় রানিকে অসুস্থ অবস্থায় সিকিলসডালেনের ‘রয়েল মাউন্টেন শ্যালেট’ থেকে একটি মেডিকেল হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপি ও এনটিবি জানায়, ১৯২৪ সাল থেকে নরওয়ের রাজপরিবার ইস্টারের সময় ঐতিহ্যবাহী এই শ্যালেটেই সময় কাটিয়ে আসছেন।
রানি সোনজা এর আগে জানুয়ারি মাসেও হৃদ্যন্ত্রের জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় তার শরীরে সফলভাবে পেসমেকার স্থাপন করা হয়।
এদিকে মার্চ মাসে মালয়েশিয়ায় ছুটি কাটানোর সময় সংক্রমণের কারণে কিং হ্যারাল্ডের শরীরেও পেসমেকার বসানো হয়। ৮৭ বছর বয়সী হ্যারাল্ড ইউরোপের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজা হিসেবে দায়িত্ব পালন করছেন।
