,

শেখ হাসিনা ফিরলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সুবিধা মিলবে: সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

শেখ হাসিনা পুনরায় সরকার পরিচালনার দায়িত্বে ফিরলে দেশের মানুষ আবারও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ খাতে ব্যাপক সক্ষমতা তৈরি হয়েছিল। তবে বর্তমানে সেই অর্জনের সুফল থেকে মানুষ বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন তিনি।

নসরুল হামিদ বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ‘দিনবদলের সনদ’ ইশতেহারে ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্ধেকেরও বেশি মানুষ বিদ্যুৎ সুবিধার বাইরে ছিল। তখন দৈনিক ১৮ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতো এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল প্রায় ৩ হাজার মেগাওয়াট।

তাঁর ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৩ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র, রামপাল ও মাতারবাড়ির মতো বড় বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি।

নসরুল হামিদ বলেন, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে দেশের দুর্গম পার্বত্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। ২০২২ সালের ২১ মার্চ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের দিন বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়িত দেশ হিসেবে ঘোষণা করা হয় বলেও জানান তিনি।

বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নসরুল হামিদ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখন আর নেই। তাঁর দাবি, বর্তমান সরকারের অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা ও ব্যর্থতার কারণে লোডশেডিং আবারও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ফিরে এসেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ হাসিনা থাকাকালে প্রতিমন্ত্রী হিসেবে কাজ করার প্রসঙ্গ উল্লেখ করে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ খাতের বিভিন্ন মাইলফলকের অংশীদার ও সাক্ষী হতে পেরে তিনি কৃতজ্ঞ। তাঁর প্রত্যাশা, শেখ হাসিনা পুনরায় সরকার পরিচালনার দায়িত্বে ফিরলে দেশের মানুষ আবারও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সুবিধা পাবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।