,

লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য কুৎসিতভাবে বিকৃত, ভারতের ক্ষোভ

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর মাত্র কয়েক দিন আগে, যুক্তরাজ্যের লন্ডনের টাভিস্টক স্কোয়ারে অবস্থিত তাঁর একটি ভাস্কর্য বিকৃত করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী, ভাস্কর্যটিতে গ্রাফিতি দিয়ে কুৎসিতভাবে বিকৃত করা হয়েছে। ভাস্কর্যের গায়ে কালো রং লেপে বিভিন্ন স্থানে লেখা হয়েছে ‘সন্ত্রাসী (টেরোরিস্ট)’ এবং ‘ভারত (হিন্দুস্তান)’। এই ঘটনার কিছু আলোকচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

লন্ডনে ভারতীয় হাইকমিশন এই ঘটনার প্রতি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এই বিকৃতিকে ‘অহিংসার আদর্শের ওপর এক সহিংস আঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে। হাইকমিশন জানিয়েছে, তারা বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের নজরে এনেছে এবং ভাস্কর্যটিকে তার আসল মর্যাদা ফিরিয়ে আনার জন্য কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হাইকমিশন লিখেছে: “লন্ডনের টাভিস্টক স্কোয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্য বিকৃত করার এই লজ্জাজনক ঘটনার আমরা তীব্র সমালোচনা করছি। আন্তর্জাতিক অহিংসা দিবসের মাত্র তিন দিন আগে এটি কেবল বিকৃতি নয়, বরং অহিংসার ধারণা ও মহাত্মার নীতিমালার উপর একটি আক্রমণ। আমাদের প্রতিনিধি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং কর্তৃপক্ষকে নিয়ে ভাস্কর্যটিকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছে।”

স্থানীয় কর্তৃপক্ষও জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। প্রতি বছর ২ অক্টোবর লন্ডনের এই ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে গান্ধী জয়ন্তী পালিত হয়।

পিটিআই জানিয়েছে, ইন্ডিয়া লিগের সমর্থনে ব্রোঞ্জের তৈরি এই ভাস্কর্যটি ১৯৬৮ সালে টাভিস্টক স্কোয়ারে উন্মোচন করা হয়। এর শিলালিপিতে লেখা আছে: “মহাত্মা গান্ধী, ১৮৬৯-১৯৪৮”

উল্লেখযোগ্য, মহাত্মা গান্ধী নিকটবর্তী ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।