মা দিবসে মাদকাসক্ত ছেলের হাতে নিহত মা , বাবা-বোন আহত

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের হামলায় এক নারী নিহত এবং তার স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। রবিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্টের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারী লাকি বেগম (৪০) স্থানীয় বাসিন্দা মো. মোস্তফার (৪৫) স্ত্রী। আহতরা হলেন মোস্তফা এবং তাদের মেয়ে মিথিলা (১৮)। ঘটনায় জড়িত হিসেবে স্থানীয়রা রাফি (২১) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে রাফি হঠাৎ করে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে লাকি বেগম ঘটনাস্থলেই মারা যান। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আহত মোস্তফা ও মিথিলাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে আনার আগেই লাকি বেগম মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাফি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই মাদকের টাকার জন্য বিরোধে জড়াতেন। হামলার সময়ও পারিবারিক বিরোধের ধারাবাহিকতায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাফি পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ঘটনাটি এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক সহিংসতা ও মাদকাসক্তির কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা পুরো এলাকায় আতঙ্ক তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।