জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ কর্মকাণ্ড দমনে রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ৫৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে ৩০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর নিরাপত্তা জোরদার করতে অপরাধ দমনের এই অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের সুনির্দিষ্ট টিম রাজধানীতে এই অভিযান পরিচালনা করে। এর মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওয়ারী বিভাগে ৮৫ জন, উত্তরা বিভাগে ৬১ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, গুলশান বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৩২ জন এবং রমনা বিভাগে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ৪ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৭ জনকে আটক করেছে।
অভিযান পরিচালনার সময় অপরাধীদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫,৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল ইস্কাফ সিরাপ। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৮টি ভিসা ও ক্রেডিট কার্ড, একটি প্রাইভেট কার এবং বিভিন্ন কোম্পানির ১৪৬টি সিম কার্ড জব্দ করে পুলিশ।
রাজধানীর বিভিন্ন থানা ও সংলগ্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
Tags :

বাংলা ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর