নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন জানিয়েছেন, দীর্ঘদিন স্থগিত থাকার পর ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা পুনরুজ্জীবিত হয়েছে। সোমবার নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রায় এক দশক আগে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা থেমে গিয়েছিল, যার পর থেকে এ বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। তবে এবার আলোচনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশ নিউজিল্যান্ডের জন্য ভারতের সুরক্ষিত দুগ্ধ খাতে প্রবেশাধিকার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।
লুক্সন এক বিবৃতিতে বলেন, “আমি দিল্লিতে পৌঁছেছি এবং আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে নিউজিল্যান্ড ও ভারত একটি বিস্তৃত মুক্ত বাণিজ্য চুক্তির ওপর আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।”
তিনি আরও বলেন, “বাণিজ্যের মাধ্যমেই আমরা দুই দেশের অর্থনীতি শক্তিশালী করতে পারি, কর্মসংস্থান বৃদ্ধি করতে পারি এবং নাগরিকদের আয় বাড়াতে পারি।”
সোমবার লুক্সনের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
