খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুলাই ২০২৬, ৫:১৩ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালে শিরোপাধারী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় জুড বেলিংহামের কাঁধের পুরোনো চোট আবারও আলোচনায় এসেছে। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পরও ম্যাচ শেষে তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলের জয়ের ম্যাচে বেলিংহাম ছিলেন দলের সেরা পারফরমারদের একজন। তিনি শুধু জোড়া গোল করেই দলের জয়ে অবদান রাখেননি, মাঝমাঠে তার পরিশ্রম, বল দখল এবং প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ডদের মতো আক্রমণাত্মক খেলোয়াড়দের সামলাতে তাকে পুরো ম্যাচজুড়ে কঠিন লড়াই করতে হয়েছে।
তবে ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে আসার আগে বেলিংহামকে বারবার নিজের বাঁ কাঁধে হাত দিতে দেখা যায়। তার এই অস্বস্তির দৃশ্য প্রকাশ পাওয়ার পর ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কারণ এই কাঁধের সমস্যা তার জন্য নতুন নয়।
বেলিংহামের কাঁধের চোটের ইতিহাস বেশ পুরোনো। ২০২৩ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এই সমস্যার সূত্রপাত হয়। রায়ো ভায়েকানোর বিপক্ষে একটি ম্যাচে সংঘর্ষের পর তার কাঁধে সমস্যা দেখা দেয়। এরপরও তিনি খেলা চালিয়ে যান। পরবর্তী সময়ে সমস্যাটি আরও জটিল হয়ে ওঠায় ২০২৫ সালের জুলাইয়ে অস্ত্রোপচারের মাধ্যমে কাঁধের পুরোনো সমস্যা ঠিক করতে হয় তাকে। অস্ত্রোপচারের পরও তার কাঁধে সেই চিহ্ন রয়েছে।
নরওয়ের বিপক্ষে ম্যাচেও বেশ কয়েকবার শারীরিক সংঘর্ষে জড়াতে হয় বেলিংহামকে। আক্রমণে উঠে গোল করা থেকে শুরু করে রক্ষণে ফিরে প্রতিপক্ষের খেলোয়াড়দের আটকানো—সব দায়িত্বই পালন করতে হয়েছে তাকে। ম্যাচের এক পর্যায়ে তাকে নিজের কাঁধ চেপে ধরতে দেখা যায়। সেই সময় ইংল্যান্ডের কোচ থমাস টুখেল বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন।
ইংল্যান্ডের মেডিকেল দল এখন বেলিংহামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। তবে দলের ভেতরে আশা করা হচ্ছে, আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মাঠে নামতে পারবেন তিনি। ইংলিশ শিবিরের ধারণা, পরিস্থিতি জটিল না হলে বেলিংহাম ম্যাচ খেলতে প্রস্তুত থাকবেন।
এর আগেও চোট নিয়েই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার নজির রয়েছে এই তারকার। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি কাঁধে সুরক্ষামূলক ব্যবস্থা নিয়েও খেলেছেন। তাই সেমিফাইনালের মতো বড় মঞ্চে দলের প্রয়োজন হলে বেলিংহাম আবারও সেই লড়াইয়ের মানসিকতা দেখাতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ইংল্যান্ডের জন্য শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, বরং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সামর্থ্যের পরীক্ষা। সেই পরীক্ষায় বেলিংহামের উপস্থিতি ইংল্যান্ডের জন্য বড় শক্তি। ফলে তার চোট কতটা গুরুতর, তা এখন পুরো দলের জন্যই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্য