ফ্রান্সের কাছ থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চূড়ান্ত চুক্তি করেছে ভারত। আগেই আলোচনার পর সোমবার এই সংক্রান্ত চুক্তিতে সই হয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৬৩ হাজার কোটি রুপি মূল্যের এই যুদ্ধবিমানগুলো ভারতীয় নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে।
এএফপি জানায়, এনডিটিভির বরাতে খবরটি প্রকাশ করা হয়েছে।
বর্তমানে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতীয় সামরিক শক্তি বাড়ানোর পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির প্রতিরক্ষা বিশ্লেষকরা।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা গেছে, ভারতের বিমান বাহিনীতে আগে ৪২টি ফাইটার স্কোয়াড্রন থাকলেও তা এখন কমে ৩২টিতে নেমে এসেছে। পুরনো মিগ-২১ বিমান ধীরে ধীরে সরিয়ে নেওয়ার পর নতুন যুদ্ধবিমান সংযোজন অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল।
নতুন এই রাফাল যুদ্ধবিমানগুলো বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এ মোতায়েন করা হবে। বর্তমানে এই জাহাজে রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান রয়েছে। রাফাল আসার পর সেগুলোকেও পর্যায়ক্রমে অবসরে পাঠানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি।
এর আগে ২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল বিমান কিনেছিল ভারত। সেগুলো বর্তমানে বিমান বাহিনীর ব্যবহারে রয়েছে।
এদিকে, সাম্প্রতিক উত্তেজনা ও কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। সামাজিক মাধ্যমে নৌবাহিনীর বার্তা, ‘যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে শত্রুর মোকাবিলায় প্রস্তুত।’
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন রাফাল চুক্তির মাধ্যমে ভারতের নৌসেনার আকাশ প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী হবে।
