,

প্রতিমন্ত্রীর পরিবারের প্রতিষ্ঠানের কর ছাড়ের আবেদন

পুষ্টিসমৃদ্ধ চাল, ফোর্টিফাইড আটা ও বিস্কুট তৈরিতে ব্যবহৃত ভিটামিন ও মিনারেল আমদানিতে কর, ভ্যাট ও অন্যান্য শুল্ক মওকুফ অথবা বিশেষ রেয়াত চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠান রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস। এ সুবিধা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, যিনি প্রতিমন্ত্রীর ছেলে।

এনবিআর সূত্র জানিয়েছে, সম্প্রতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ভিজিটিং কার্ড সংযুক্ত করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কর ও শুল্ক ছাড় বা বিশেষ রেয়াত চেয়ে আবেদন করা হয়েছে। তবে আবেদনটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনবিআর।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী মীরবাড়ীতে অবস্থিত রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির আবেদনে বলা হয়েছে, তারা ফোর্টিফাইড রাইস কার্নেল উৎপাদন করে। ২০২৩ সাল থেকে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচিতে রাইস কার্নেল সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি খাদ্যবান্ধব ও ভিজিডি কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় ১ হাজার ১৯৮ টন রাইস কার্নেল সরবরাহ করা হয়েছে। বেসরকারি খাতেও প্রায় ২০ টন কার্নেল এবং ২ হাজার টন পুষ্টিসমৃদ্ধ চাল সরবরাহের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যে কাঁচামালে ছাড় চাওয়া হয়েছে

সাধারণ চালের সঙ্গে ১০০:১ অনুপাতে ফোর্টিফাইড রাইস কার্নেল মিশিয়ে পুষ্টিসমৃদ্ধ চাল তৈরি করা হয়। এই কার্নেল উৎপাদনের জন্য ভিটামিন-এ, ভিটামিন-বি১, ভিটামিন-বি১২, ফলিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম কার্বোনেট প্রয়োজন হয়। ফোর্টিফাইড আটা ও বিস্কুট উৎপাদনেও এসব ভিটামিন ও মিনারেল ব্যবহৃত হয়।

রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলসের আবেদনে দাবি করা হয়েছে, এসব কাঁচামাল দেশে উৎপাদিত হয় না। ফলে বর্তমানে দেশে রাইস কার্নেল উৎপাদনকারী ১৪টি প্রতিষ্ঠান ভিটামিন ও মিনারেলগুলো প্রিমিক্স হিসেবে একটি এইচএস কোডের আওতায় বিদেশ থেকে আমদানি করছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, আলাদাভাবে ভিটামিন ও মিনারেল আমদানির তুলনায় প্রস্তুত প্রিমিক্সের দাম বেশি। এর ফলে প্রতিবছর প্রায় ৩০ লাখ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আমদানির পেছনে ব্যয় হচ্ছে। পুষ্টিসমৃদ্ধ খাদ্যের চাহিদা বাড়লে ভবিষ্যতে এই ব্যয়ের পরিমাণ আরও বাড়তে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশে প্রিমিক্স তৈরির উদ্যোগ

রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস জানিয়েছে, তারা দেশে প্রিমিক্স উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, দেশে এ ধরনের কারখানা স্থাপনকারী তারা একমাত্র প্রতিষ্ঠান। পরিকল্পনা অনুযায়ী, প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল আলাদাভাবে আমদানি করে সেগুলো দিয়ে দেশেই প্রিমিক্স তৈরি করা হবে।

কোম্পানিটির হিসাব অনুযায়ী, এভাবে প্রিমিক্স তৈরি করা হলে আমদানি ব্যয় প্রায় ৫০ শতাংশ কমতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য রাইস কার্নেল উৎপাদনকারী প্রতিষ্ঠানও তুলনামূলক কম দামে তাদের কাছ থেকে প্রিমিক্স কিনতে পারবে বলে দাবি করেছে রূপসী রাইস।

প্রতিষ্ঠানটির যুক্তি হলো, কাঁচামালের ব্যয় কমলে রাইস কার্নেল উৎপাদন খরচও কমবে। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ চাল, ফোর্টিফাইড আটা ও বিস্কুটের উৎপাদন ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে। শেষ পর্যন্ত এসব পণ্যের দাম কমলে সাধারণ মানুষের কাছে পুষ্টিসমৃদ্ধ খাদ্য আরও সহজলভ্য হতে পারে।

এই যুক্তিতেই কাঁচামাল আমদানির ক্ষেত্রে ভ্যাট, কর ও অন্যান্য শুল্ক মওকুফ অথবা বিশেষ রেয়াত চেয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, সুবিধাটি দেওয়া হলে দেশে নতুন শিল্প গড়ে উঠবে, কর্মসংস্থান তৈরি হবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

প্রতিমন্ত্রীর ভিজিটিং কার্ড নিয়ে প্রশ্ন

কর ও শুল্ক ছাড়ের আবেদনের সঙ্গে প্রতিমন্ত্রীর ভিজিটিং কার্ড সংযুক্ত করার বিষয়টি নিয়ে নৈতিক প্রশ্ন উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ব্যক্তিগত ব্যবসায়িক সুবিধা পাওয়ার জন্য সরকারি পরিচয় ব্যবহার করা নৈতিক স্খলনের বিষয় এবং রাষ্ট্রীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক।

তাঁর মতে, এমন কর্মকাণ্ডে সরকারি পদ ও ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির পরিচয় ব্যক্তিগত ব্যবসায়িক সুবিধা অর্জনে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, এনবিআরের মতো প্রতিষ্ঠানকে এ ধরনের পরিস্থিতিতে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে নিজস্ব আইন ও নীতিমালা অনুযায়ী নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে হবে।

একক প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার প্রশ্ন

আবেদনের আইনি দিক নিয়েও প্রশ্ন রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বলেন, সাধারণভাবে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে আলাদাভাবে শুল্ক-কর ছাড় দেওয়ার সুযোগ নেই। কোনো নির্দিষ্ট খাত বা পণ্যের জন্য কর বা শুল্ক সুবিধা দেওয়া হলে একই শ্রেণির অন্যান্য প্রতিষ্ঠানও সেই সুবিধার আওতায় আসা উচিত।

তবে দেশে কোনো বিশেষ পণ্য যদি কেবল একটি প্রতিষ্ঠান উৎপাদন করে, সে ক্ষেত্রে সীমিত সময়ের জন্য বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ থাকতে পারে বলে ওই কর্মকর্তা জানান।

এনবিআরের সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন অবশ্য একক প্রতিষ্ঠানকে এমন সুবিধা দেওয়ার বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন। তাঁর মতে, সংবিধানের ১৯ অনুচ্ছেদের আলোকে কোনো একটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ ধরনের বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। কোনো কর বা শুল্ক ছাড় দেওয়া হলে সংশ্লিষ্ট খাতের সব যোগ্য প্রতিষ্ঠান যাতে সমানভাবে সুবিধা পায়, তা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, এনবিআর কোনো একটি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দেওয়ার পক্ষে মত দিলেও আইন অনুযায়ী অর্থ মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেবল ওই প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অনুমোদন দেওয়ার সুযোগ নেই।

পরিচালকের বক্তব্য পাওয়া যায়নি

আবেদনের বিষয়ে বক্তব্য জানতে রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলসের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন করা হলে তিনি কলটি ধরে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি।

এরপর সংবাদমাধ্যমের পরিচয় দিয়ে তাঁর মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়। সেখানেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।

এনবিআরের কাছে প্রতিষ্ঠানটির আবেদন এখনো সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ফলে কর, ভ্যাট ও শুল্ক ছাড়ের দাবি শেষ পর্যন্ত অনুমোদিত হবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে আবেদনটি ঘিরে একদিকে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের কাঁচামালের ব্যয় কমানো ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের যুক্তি সামনে এসেছে, অন্যদিকে সরকারি পদমর্যাদা ব্যবহারের নৈতিকতা, স্বার্থের দ্বন্দ্ব এবং একক প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার আইনি প্রশ্নও তৈরি হয়েছে।

Tags :

মুরসালিন মাহমুদ তাইসিন | সাব-এডিটর । GLive24.com

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।