ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি জানান, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের বিরোধ ‘এভাবে বা ওভাবে’ মীমাংসা হয়ে যাবে।
এয়ার ফোর্স ওয়ান থেকে বার্তা সংস্থা এএফপিকে ট্রাম্প বলেন, “ওই সীমান্ত অঞ্চলে ১,৫০০ বছর ধরেই উত্তেজনা রয়েছে। জানেনই তো, পরিস্থিতি আগের মতোই আছে। তারা এটা এভাবে নয়, ওভাবে মিটিয়ে নেবে।”
কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর অঞ্চলটি দুই দেশের মধ্যে বিভক্ত হলেও উভয় দেশই পুরো কাশ্মীরের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে।
সম্প্রতি কাশ্মীরের পাহলগামে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারতীয় পুলিশের দাবি, হামলাকারীরা পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা’র সদস্য। এ ঘটনার পর নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে পানিবণ্টন চুক্তি স্থগিত করে, সীমান্ত ক্রসিং বন্ধ রাখে এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করে দেয়।
পাকিস্তান এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে এবং ভারতকে ‘নিরর্থক প্রচেষ্টা’ বলেও মন্তব্য করে। পরিস্থিতির উত্তেজনা চরমে পৌঁছালে নিয়ন্ত্রণরেখায় দু’দেশের সেনাদের মধ্যে রাতভর গুলিবিনিময়ের ঘটনাও ঘটে।
ট্রাম্প বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সবসময়ই এমন উত্তেজনা ছিল। তবে পরিস্থিতি এক সময় মীমাংসা হবে বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
