নারায়ণগঞ্জের সাত থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, মাদকসংশ্লিষ্ট ব্যক্তি ও অন্যান্য অভিযোগে মোট ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে সাত থানা ও ডিবি পুলিশ পৃথকভাবে অভিযান চালায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১২০ জনের মধ্যে ৫৭ জন মাদকসেবী এবং আটজন মাদক ব্যবসায়ী। এ ছাড়া তিনজন ছিনতাইকারী, ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার ১৪ আসামি এবং অন্যান্য আইনে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। পাশাপাশি বিভিন্ন মামলায় সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে মাদক উদ্ধারের ঘটনাও ঘটেছে। ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী এবং ২০০ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানা এলাকায় ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
থানাভিত্তিক হিসাবে নারায়ণগঞ্জ সদর থানায় ১৩ জন, ফতুল্লা মডেল থানায় ৩৩ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ২৩ জন, বন্দর থানায় ১৩ জন, সোনারগাঁ থানায় ১২ জন, রূপগঞ্জ থানায় ১৮ জন এবং আড়াইহাজার থানায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে জেলা ডিবি পুলিশের অভিযানও ছিল বিশেষ কার্যক্রমের অংশ।
নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ১০ জন মাদকসেবী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজনকে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানায় ১৬ জন মাদকসেবী, দুই মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী, পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার সাত আসামি এবং দুজনকে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানায় ১০ জন মাদকসেবী, একজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী, সাতজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার একজন আসামি এবং তিনজনকে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানায় চারজন মাদকসেবী, পাঁচজন মাদক ব্যবসায়ী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য আইনে একজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানায় আটজন মাদকসেবী, একজন ছিনতাইকারী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং দুজনকে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জে নয়জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার পাঁচ আসামি এবং তিনজনকে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আড়াইহাজারে তিনজনকে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে, নিয়মিত মামলার একজন, অন্যান্য ধারায় তিনজন এবং মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ১২০ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চলমান থাকবে।









