যশোরের চৌগাছায় মোটর সাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছে। শুক্রবার চৌগাছা ঝিকরগাছা সড়কের রঘুনাথপুর জামতলা মোড়ে এ দূঘর্টনা ঘটে।চৌগাছা বিশ্বাস পাড়ার সাবেক কাউন্সিলর ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ জানান, শুক্রবার দুপুরে বেলা চৌগাছা পৌরসভার ৫ নং বিশ্বাসপাড়া ওয়ার্ডের আইতাল বিশ্বাসের ছেলে রাসেল হোসেন (২৭) তার স্ত্রী সোনিয়া খাতুন (২০) কে নিয়ে মোটর সাইকেল যোগে তার বোনের বাড়ি ছুটিপুর যাচ্ছিল।
মোটর সাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রী নিহত ও স্বামী আহত
তারা চৌগাছা -ঝিকরগাছা সড়কের রঘুনাথপুর জামতলা মোড়ে পৌঁছালে মোটর সাইকেলের চেইনের সাথে সোনিয়ার ওড়না পেচিয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে সোনিয়া প্রচন্ড জোরে সড়কের উপর আঁছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাসেল সামান্য আহত হলেও সোনিয়া মারাত্বক আহত হয়।
স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে পাঠায়। সেখানে সোনিয়ার অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসকরা সেখানে সোনিয়াকে চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সোনিয়াকে এ্যাম্বুলেন্সে তোলার আগেই মৃত্যুবরণ করেন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।