খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৪ই সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান পরিস্থিতিকে যুদ্ধ নয়, বরং সরাসরি গণহত্যা হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া আবেগঘন ভাষণে তিনি এ অভিযোগ উত্থাপন করেন এবং বিশ্ব সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে দেওয়া বক্তৃতায় এরদোয়ান বলেন,“আমাদের চোখের সামনে গাজায় ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত ২৩ মাসে ইসরায়েল প্রতি ঘণ্টায় একটি শিশুকে হত্যা করেছে। এগুলো কেবল সংখ্যা নয়—প্রতিটি একটি জীবন, একজন নির্দোষ মানুষ।”
তিনি আরও বলেন, আধুনিক ইতিহাসে এমন ভয়াবহ মানবিক বিপর্যয় আর দেখা যায়নি। মাত্র দুই বা তিন বছরের ছোট ছোট শিশুদের অজ্ঞান করার ওষুধ ছাড়াই অস্ত্রোপচার ও অঙ্গচ্ছেদ করতে হচ্ছে। বিশ্ব নেতাদের উদ্দেশে এরদোয়ান বলেন, “এটি মানবতার সর্বনিম্ন পর্যায়। গাজায় কোনো যুদ্ধ নেই; এখানে দুই পক্ষ নেই। এটি একতরফা আগ্রাসন, গণহত্যা এবং ব্যাপক হত্যাযজ্ঞের নীতি।”
এরদোয়ান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান এবং অন্য দেশগুলোকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিউইয়র্কে উপস্থিত না থাকলেও তুরস্ক “ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে কথা বলছে, যাদের কণ্ঠ জোরপূর্বক রুদ্ধ করে দেওয়া হচ্ছে।”
তিনি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি, বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানো এবং ইসরায়েলের “গণহত্যাকারী চক্রকে” আন্তর্জাতিক জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েলের আগ্রাসন শুধু গাজা বা দখলকৃত পশ্চিম তীরেই সীমাবদ্ধ নয়; বরং তা ছড়িয়ে পড়ছে সিরিয়া, ইরান, ইয়েমেন, লেবানন ও কাতারেও। এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে উঠছে বলে তিনি সতর্ক করেন।
বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি আহ্বান জানান:“মানবতার খাতিরে আজ অত্যাচারিত ফিলিস্তিনিদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।”
এরদোয়ানের মতে, ইসরায়েলি হামলা কেবল মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, বরং নারীর অধিকার, শিশুর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচারসহ সবচেয়ে মৌলিক মানবাধিকারগুলোকেও ধ্বংস করছে।
শেষে তিনি প্রশ্ন রাখেন: “শিশুরা যখন ক্ষুধা ও ওষুধের অভাবে মারা যায়, তখন সেই বিশ্বে শান্তি থাকতে পারে? গত শতকে মানবতা এমন নৃশংসতা প্রত্যক্ষ করেনি।”
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
মন্তব্য