জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

কাবাঘর সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা যুবকের

সৌদি আরবে পবিত্র কাবাঘরকে সামনে রেখে বিএনপির সব ধরনের রাজনীতি ও দলীয় পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামে এক প্রবাসী বাংলাদেশি। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (৩১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন সাদ্দাম। ভিডিওতে পবিত্র কাবাঘরকে সামনে রেখে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানান। পরে ভিডিওটির মন্তব্যের ঘরে নিজের সিদ্ধান্তের কারণ ও রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ বক্তব্য তুলে ধরেন।

সাদ্দাম হাওলাদার জানান, তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর দাবি, পরিবারের সদস্যদের পাশাপাশি বংশের প্রায় ৯০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিজেও দীর্ঘ সময় ধরে দলটির বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে সাদ্দাম বলেন, তিনি জাতীয় উপনির্বাচন কমিটির সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী হিসেবেও দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। সর্বশেষ তিনি আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানান।

বর্তমানে সৌদি আরবে কর্মরত সাদ্দাম নিজেকে একজন প্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধা হিসেবে উল্লেখ করেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশের সঙ্গে নিজেকে আর মানিয়ে নিতে পারছেন না বলেই রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

তবে নিজের বক্তব্যে বিএনপির বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ তোলেননি সাদ্দাম। বরং দলের প্রতি তাঁর ব্যক্তিগত শ্রদ্ধা ও ভালোবাসার কথা উল্লেখ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে তিনি অনুপ্রাণিত এবং বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে। একই সঙ্গে বিএনপির প্রতিও নিজের ভালোবাসার কথা জানান তিনি।

রাজনীতি ছাড়ার ঘোষণা দিতে গিয়ে সাদ্দাম বলেন, এরপর থেকে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। পবিত্র কাবাঘরকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে তিনি সবার কাছে নিজের জন্য দোয়া চান।

সাদ্দামের এমন ঘোষণার পর বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে দলীয়ভাবে গ্রহণ করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সাদ্দামের ঘোষণার বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি বলেন, সাদ্দাম দীর্ঘদিন ধরে কাজের কারণে সৌদি আরবে অবস্থান করছেন। কোনো ব্যক্তিগত বিরোধ, অভিমান বা অন্য কোনো কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

দলীয় এই নেতা আরও বলেন, সাদ্দাম যদি সত্যিই কোনো পদ থেকে সরে দাঁড়াতে চান, তাহলে সাধারণত লিখিতভাবে পদত্যাগপত্র দেওয়ার বিষয়টি সামনে আসে। কিন্তু তিনি লিখিত পদত্যাগপত্র না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে কেন এমন ঘোষণা দিয়েছেন, সেটিও যাচাই করা হবে।

এদিকে, সাদ্দামের ঘোষণায় তিনি বিএনপির প্রতি কোনো অভিযোগ না থাকার কথা স্পষ্ট করলেও ঠিক কোন পরিস্থিতিতে তাঁর মধ্যে রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ফলে তাঁর ঘোষণার পেছনে ব্যক্তিগত, পারিবারিক নাকি রাজনৈতিক কোনো নির্দিষ্ট কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি পরিষ্কার হতে তাঁর সঙ্গে দলীয় নেতাদের যোগাযোগ ও পরবর্তী আলোচনার অপেক্ষা রয়েছে।

Tags :

সৌরভ বিশ্বাস | উপ-সম্পাদক । জিলাইভ বাংলা

https://bn.glive24.com/

সর্বশেষ খবর