প্রতি ঈদের মতো এবারও কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের সংগীতাঙ্গনে প্রকাশ পাচ্ছে নতুন নতুন গান ও মিউজিক ভিডিও। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীরাও ঈদ উপলক্ষে নিয়ে আসছেন একক ও দ্বৈত গান। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি শিল্পীদের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেও প্রকাশ করা হচ্ছে এসব গান। আধুনিক, লোকধারা, ফিউশন ও গল্পনির্ভর মিউজিক ভিডিও মিলিয়ে এবারের ঈদে সংগীতপ্রেমীদের জন্য থাকছে বৈচিত্র্যময় আয়োজন।
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ এবং লোকসংগীতশিল্পী কায়া। ২০০৩ সালে হাবিবের সংগীতায়োজনে প্রকাশিত ‘কৃষ্ণ’ অ্যালবামের মাধ্যমে বাংলা লোকগানের সঙ্গে পাশ্চাত্য সংগীতের ফিউশন জনপ্রিয়তা পায়। এরপর ২০০৪ সালে ‘মায়া’ অ্যালবামেও কায়ার গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। প্রায় দুই দশকের বেশি সময় পর তারা আবারও একসঙ্গে নতুন গান প্রকাশ করছেন। ‘কই রইলা রে’ শিরোনামের এই গানে হাবিব ও কায়ার সঙ্গে যুক্ত হয়েছেন মুজা। গানটি ২৭ মে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশের কথা রয়েছে।
সংগীতশিল্পী বালাম রোজার ঈদে তার পঞ্চম একক অ্যালবাম ‘মাওলা’র চারটি অডিও গান প্রকাশ করেছিলেন। কোরবানির ঈদ উপলক্ষে তিনি প্রকাশ করছেন অ্যালবামের শিরোনাম গান ‘মাওলা’র মিউজিক ভিডিও। ‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’ কথার গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। ভিডিও প্রকাশের মাধ্যমে অ্যালবামটির প্রচারণার নতুন ধাপ শুরু হচ্ছে।
ইমরান মাহমুদুলও ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। ‘মন বুঝলা না’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন গুঞ্জন চৌধুরী। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজনও করেছেন ইমরান নিজেই। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হবে।
অবন্তী সিঁথি ও অমিত দে’র কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘প্রেম’ শিরোনামের একটি দ্বৈত গান। গানটি প্রকাশিত হয়েছে টি অ্যান্ড টি কনসালট্যান্সি লন্ডনের ইউটিউব চ্যানেলে। শাহান কবন্ধের লেখা গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম।
ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে আসিফ আকবর ও লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের গান ‘রূপসী শ্রীমঙ্গল’। শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে নির্মিত এই গানের মিউজিক্যাল ফিল্ম প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। গানটির মাধ্যমে দেশের একটি পর্যটননির্ভর অঞ্চলের সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
মাহতিম সাকিব ও কোনালের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘প্রেমকাহিনি’ শিরোনামের গান। গানটির কথা ও সুর করেছেন তানভীর আহমেদ। ভিডিও পরিচালনা করেছেন আকরাম খান। ভিডিওতে মডেল হয়েছেন সাকিব সিদ্দিকী ও আরোহী মীম। গানটি প্রকাশ পেয়েছে কেএম মিউজিক ইউটিউব চ্যানেলে।
প্রথমবারের মতো দ্বৈত গান গেয়েছেন মোহাম্মদ মিলন ও মার্জিয়া বুশরা রোদেলা। ‘কান পেতে শোন’ শিরোনামের গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি। গানটির সুর করেছেন মিলন এবং সংগীতায়োজন করেছেন এম এম রনি। বোরহানউদ্দিন মিরাজের নির্দেশনায় নির্মিত ভিডিওতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন মালিহা মাশফিরাত মেধা। গানটি প্রকাশ পেয়েছে ওয়াই আর মিউজিক ইউটিউব চ্যানেলে।
সানিয়া সুলতানা লিজাও ঈদ উপলক্ষে প্রকাশ করছেন নতুন গান ‘তোমার রোদেলা আকাশে’। গানটিতে তার সহশিল্পী অনিক। গানের কথা লিখেছেন লালন লোহানী। সুর ও সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ। ভিডিও পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর। গানটি লিজার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
তিন বছর বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া। ‘লোকে বলে’ শিরোনামের গানটি লিখেছেন বাঁধন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদীর। ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন পশ্চিমবঙ্গের বাবা যাদব। মিউজিক ভিডিওতে নুসরাত ফারিয়ার সঙ্গে দেখা যাবে ফুয়াদকেও। ২৬ মে এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিক ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ পাবে।
সংগীতশিল্পী ঐশী নিজের আঞ্চলিক পরিচয়কে সামনে রেখে তৈরি করেছেন ‘নোয়াখাইল্লা মাইয়া’ শিরোনামের গান। নোয়াখালীর মাইজদীতে জন্ম ও বেড়ে ওঠা এই শিল্পীর সঙ্গে গানে যুক্ত হয়েছেন ব্ল্যাক জ্যাং। গানটি ঈদ উপলক্ষে ঐশীর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
রেজা করিমও নতুন গান নিয়ে আসছেন। ‘মনে যদি ঝড়’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন শাহাদাত হোসেন নাদিম। সংগীতায়োজন করেছেন নাদিম ও জুয়েল মাহমুদ।
অন্যদিকে গানচিল মিউজিক প্রকাশ করছে জিসান খান শুভর গান ‘মন বুঝি না’। গানটির কথা ও সুর করেছেন জিসান খান শুভ নিজেই। রহিত রায়হান সৈকতের নির্মাণে গল্পনির্ভর এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন পার্থ শেখ ও আইশা খান। ২৫ মে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ পাওয়ার কথা রয়েছে।
প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে দেশের সংগীতাঙ্গনে ব্যস্ততা বেড়েছে। নতুন গান, মিউজিক ভিডিও এবং ভিন্নধর্মী উপস্থাপনার মাধ্যমে শিল্পীরা শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন নানা আয়োজন নিয়ে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও ইউটিউবভিত্তিক প্রকাশনার বিস্তারের কারণে এখন ঈদকেন্দ্রিক গানের বাজারেও এসেছে নতুন মাত্রা।
