জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ইরানে গোপন অভিযান চালিয়েছে ইসরাইলি কমান্ডো: সেনা প্রধান

ইরান-ইসরাইল সংঘাতের ১২ দিনের যুদ্ধের মধ্যে ইরানের অভ্যন্তরে গোপন অভিযান চালিয়েছে ইসরাইলি কমান্ডো বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলের সেনা প্রধান ইয়াল জামির।

জেরুজালেম থেকে এএফপির খবরে বলা হয়, বুধবার এক টেলিভিশন ভাষণে সেনা প্রধান জামির জানান, ‘আমরা ইরানের আকাশপথ ও প্রয়োজনীয় স্থানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। এটি সম্ভব হয়েছে আমাদের বিমান বাহিনী ও স্থল কমান্ডো ইউনিটগুলোর সমন্বিত কৌশলের ফলে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বাহিনীগুলো শত্রুপক্ষের ভেতরে গোপনে অভিযান চালিয়ে আমাদের অবাধ কার্যক্রমের সুযোগ তৈরি করেছে।’

উল্লেখ্য, ১৩ জুন ইসরাইল আকস্মিকভাবে ইরানে বিমান হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। এই হামলার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা থেকে বিরত রাখা। তবে ইরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

মঙ্গলবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করেছে। সেনা প্রধান জামির জানিয়েছেন, ‘এই অভিযান এখানেই শেষ নয়। সামনে আরও বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আমাদের সতর্ক থাকতে হবে।’

এটাই প্রথমবারের মতো কোনো ইসরাইলি কর্মকর্তা প্রকাশ্যে স্বীকার করলেন, ইসরাইলি সেনারা ইরানের অভ্যন্তরে মাটিতে অভিযান চালিয়েছে।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

সর্বশেষ খবর