রাজধানীতে প্রতিদিন সড়কে যানজট ও স্থবিরতা দেখা দেয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হবে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি।
সকাল সাড়ে ১০টায় বনানীর হোটেল শেরাটনে বিএনপি ‘তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনাসভা আয়োজন করবে। প্রধান অতিথি থাকবেন ড. খন্দকার মোশাররফ হোসেন এবং আলোচক হিসেবে থাকবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিকেল ৩টায় ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হকের সমর্থনে গণমিছিল হবে। মিছিলটি পল্লবী ১২ নম্বরের বিআরটিসি বাস ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপনগর টিনশেডে শেষ হবে।
বিকেল ৪টায় ঢাকা-১০ আসনে ধানের শীষ প্রতীকে ভোট আহ্বানে আইনজীবীদের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হবে। নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
সন্ধ্যা ৬টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এবি’র আলোচনা সভা অনুষ্ঠিত হবে, প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আট দলীয় জোট ৫ দফা দাবিতে সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবে। এর আগে পল্টন মোড়ে একটি জমায়েত অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সার্কেলের উদ্যোগে ৬ থেকে ৯ নভেম্বর টিএসসির পায়রা চত্বরে শীতকালীন বইমেলা শুরু হবে। সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
ডা. জাকির নায়েকের দেশে আগমন নিয়ে বিকেল ৩টায় হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করবে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে জকসুর তফসিল নিয়ে অবস্থান জানাবে।
এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি বিকেল ৫টায় বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। উপস্থিত থাকবেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কমিটির প্রধান ডা. তাসনিম জারা।
টিএসএন
