বলিউডের ক্রাইম-থ্রিলার ও রোমান্টিক ধারার অন্যতম ক্লাসিক সিনেমা ‘আওয়ারাপন’। দীর্ঘ সময় পর এর সিক্যুয়াল ‘আওয়ারাপান ২’ বড় পর্দায় আসার খবর এবং সম্প্রতি ছবিটি মুক্তির পর থেকে এর সঙ্গীত নিয়ে আলোচনা তুঙ্গে। প্রথম কিস্তির কালজয়ী সুরের ধারা বজায় রেখে দর্শকদের একদম নতুন কিছু উপহার দেওয়াটা বড় একটি চ্যালেঞ্জ ছিল। আর এই চ্যালেঞ্জের হাত ধরেই তৈরি হলো নতুন এক গল্প। ছবিটির অন্যতম প্রধান গান ‘পিয়া ঘর আয়া – হোমকামিং’ তৈরির জন্য সঙ্গীতশিল্পী ও সুরকার আখিল সাচদেবাকে ব্যক্তিগতভাবে ফোন করে দায়িত্ব দেন খোদ ইমরান হাশমি।
সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে আখিল সাচদেবা সম্প্রতি এই পেছনের ঘটনা প্রকাশ্যে এনেছেন। আখিল জানান, ইমরান হাশমির কাছ থেকে সরাসরি ফোন পাওয়াটা তার জন্য বেশ দারুণ এক মুহূর্ত ছিল। ইমরান তাকে জানান যে, চেনা ধাঁচের প্রেমের বা বিরহের গান থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন ফ্লেভারের একটি সুর প্রয়োজন। ইমরান সাচদেবাকে পুরোপুরি সৃজনশীল স্বাধীনতা দেন এবং বলেন নিজের ভেতরের অনুভূতি ও ষষ্ঠ ইন্দ্রিয় যা বলে, ঠিক সেভাবেই যেন গানটি লেখা ও সুর করা হয়।
২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপন’ সিনেমার ‘তেরা মেরা রিশতা’ এবং ‘তো ফির আও’-এর মতো গানগুলো বলিউডের সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করে আছে। সেই লিগেসি বা ঐতিহ্য ধরে রাখা আখিলের জন্য সহজ ছিল না। তিনি জানতেন এই গানের মান আওয়ারাপনের মূল ধারার সাথেই মানানসই হতে হবে। নিজের ওপর বিশ্বাস রেখে আখিল এবার একটু অন্য পথে হাঁটেন। মূল আওয়ারাপনের গানে যা ছিল না, এবার তিনি সেই ধারা ভেঙে লিরিক্সে কিছু পাঞ্জাবি শব্দ যুক্ত করেন।
তবে পরীক্ষা-নিরীক্ষার পথ সবসময় মসৃণ হয় না। গানটি প্রকাশের পরপরই লিরিক্সে পাঞ্জাবি শব্দ ব্যবহারের কারণে ব্যাপক সমালোচনার মুখোমুখি হন এই সুরকার। শ্রোতাদের একটি অংশ শুরুতে বিষয়টা ইতিবাচকভাবে নেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে আখিলকে কটূক্তি ও গালাগাল পর্যন্ত শুনতে হয়েছে। তবে আখিল বিশ্বাস করতেন, পুরো গানটি প্রেক্ষাগৃহে সিনেমার দৃশ্যায়ন ও কাহিনীর সাথে দেখলে মানুষের ধারণায় আমূল পরিবর্তন আসবে।
শেষ পর্যন্ত সুরকারের সেই আস্থাই জয়ী হয়েছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর পুরো ছবির প্রেক্ষাপটে যখন দর্শকরা গানটি শুনলেন ও দেখলেন, তখন প্রতিক্রিয়া বদলে গেল মুহূর্তেই। যে শ্রোতারা গানটির শুরুতে কঠোর সমালোচনা করেছিলেন, তারা নিজেরাই পরবর্তীতে ইনস্টাগ্রামে সরাসরি বার্তা পাঠাতে শুরু করেন। অনেকে তাদের ভুল বুঝতে পেরে আখিলের কাছে দুঃখ প্রকাশ করেন এবং জানান যে সিনেমার দৃশ্যের সাথে গানটি একদম নিখুঁতভাবে মিলে গেছে।
প্রথম কিস্তির পুরনো কালজয়ী সুরের প্রতি পূর্ণ সম্মান জানিয়েও বলা যায়, ‘আওয়ারাপন ২’-এর নতুন তৈরি হওয়া গানগুলোর মধ্যে ‘পিয়া ঘর আয়া’ এখন সবচেয়ে বেশি চর্চিত ও জনপ্রিয় হয়ে উঠেছে। নিজের ওপর আস্থা রেখে মন থেকে করা কাজ যে শেষ পর্যন্ত শ্রোতাদের হৃদয়ে পৌঁছায়, এই গানের সাফল্য যেন তারই প্রমাণ দিল।









