জিলাইভ [ GLive ] | truth alone triumphs

মাইলি নির্বাচনে হেরে গেলে আর্জেন্টিনায় সহায়তা বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তার উদারপন্থী মিত্র জাভিয়ের মাইলি চলতি মাসের গুরুত্বপূর্ণ আইনসভা নির্বাচনে পরাজিত হলে যুক্তরাষ্ট্র আর্থিক সংকটে থাকা আর্জেন্টিনাকে আর কোনও সহায়তা দেবে না।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, হোয়াইট হাউসে মাইলির সফরের সময় ট্রাম্প বলেন, “যদি তিনি হারেন, আমরা আর আর্জেন্টিনার প্রতি উদার থাকব না।”

রিপাবলিকানদের রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে মাইলি হোয়াইট হাউস সফর করেন।

ট্রাম্প আরও বলেন, “আমি এই মানুষটির পাশে আছি, কারণ তার দার্শনিক অবস্থান একেবারে সঠিক। সে জিততেও পারে, হারতেও পারে — তবে আমার বিশ্বাস, সে জিতবে। যদি সে জেতে, আমরা তার পাশে থাকব; কিন্তু যদি না জেতে, আমরা সরে যাব।”

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই আর্জেন্টিনার দুর্বল অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ২০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই সমর্থন সত্ত্বেও পরিস্থিতি উন্নত হয়নি। বরং আসন্ন ২৬ অক্টোবরের মধ্যবর্তী নির্বাচনের আগে মাইলির জনপ্রিয়তা আরও হ্রাস পেয়েছে।

নির্বাচনে মাইলির সংখ্যালঘু দল কত আসন বৃদ্ধি করতে পারে, তার ওপর নির্ভর করছে—তিনি কঠোর ব্যয়সংকোচনমূলক অর্থনৈতিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবেন কি না, নাকি তার মেয়াদের বাকি দুই বছর আইনসভার বাধার মুখে পড়বে।

ট্রাম্প মাইলিকে ‘মহান নেতা’ আখ্যা দিয়ে বলেন, “আমি নির্বাচনে আমার আদর্শিক মিত্রকে পূর্ণ সমর্থন দেব।”

Tags :

আন্তর্জাতিক ডেস্ক, জিলাইভ

Recent News