শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনে যোগ দিতেই মোদির এ সফর। নিউইয়র্কে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই অধিবেশন। ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য দেবেন ট্রাম্প, আর মোদি বক্তব্য দেবেন ২৬ সেপ্টেম্বর। অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি রুশ তেল ইস্যু

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফের ক্ষমতা গ্রহণের আগে পর্যন্ত মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর রপ্তানি শুল্ক ছিল ১৫%। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের দেড় মাস পর, মার্চে ট্রাম্প এই শুল্ক বাড়িয়ে ২৫% করেন, যা ৭ আগস্ট থেকে কার্যকর হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও মূল্যসীমা নির্ধারণ করে। কিন্তু ভারত কম দামে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখে। ট্রাম্প একাধিকবার অভিযোগ করেন, ভারত এই তেল ক্রয়ের মাধ্যমে রাশিয়াকে যুদ্ধের অর্থ জোগাচ্ছে।

এর জের ধরে ৬ আগস্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেন। ফলে মোট শুল্ক দাঁড়ায় ৫০%। নির্বাহী আদেশে ট্রাম্প লেখেন,

“ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে… আমার মতে, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করা প্রয়োজন।”

ভারতের প্রতিক্রিয়া

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা এবং জনগণকে ন্যায্য মূল্যে তেল সরবরাহ করাকে ভারত তার জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে। এই স্বার্থ রক্ষায় যাবতীয় পদক্ষেপ ভারত গ্রহণ করবে।”

পূর্ববর্তী সফর

মোদি সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। এবারও সফর ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের কারণে দুই দেশের আলোচনায় বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনৈতিক ইস্যু প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।