পর্তুগালে নির্বাচনে এগিয়ে মধ্য-ডানপন্থীরা

পর্তুগালে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে তিন বছরের মধ্যে তৃতীয় সাধারণ নির্বাচন। এতে মধ্য-ডানপন্থী নেতা লুইস মন্টিনিগ্রোর নেতৃত্বাধীন ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি) এগিয়ে রয়েছে। তবে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম বলে জানাচ্ছে শেষ মুহূর্তের জরিপ।

বার্তা সংস্থা এএফপি জানায়, জরিপ অনুযায়ী এডি মূল প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক দল (পিএস)-এর চেয়ে এগিয়ে এবং বেশি আসন পেতে পারে। তবে ২৩০ আসনের সংসদে সরকার গঠন করতে প্রয়োজনীয় ১১৬ আসন অর্জন করা তাদের জন্য কঠিন হতে পারে।

এদিকে, জনপ্রিয়তা বাড়ানো অতি-ডানপন্থী চেগা পার্টি আবারও তৃতীয় অবস্থানে থাকার পথে। এতে তারা ‘কিংমেকার’ ভূমিকায় চলে আসতে পারে। যদিও মন্টিনিগ্রো স্পষ্ট জানিয়েছেন, তিনি চেগার সঙ্গে জোট করবেন না।

প্রায় এক কোটি মানুষের দেশটিতে স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা রাত ৮টা পর্যন্ত চলবে। চূড়ান্ত ফলাফল রাতেই জানার আশা করা হচ্ছে।

নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশটি বৈশ্বিক বাণিজ্য সংকট এবং নিরাপত্তা সংকটের মুখোমুখি। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা ঘিরে ইউরোপজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গত শুক্রবার লিসবনে এক সমাবেশে মন্টিনিগ্রো ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ভূ-রাজনৈতিক এই অস্থিরতা মোকাবিলায় পর্তুগালের একটি শক্তিশালী সরকারের প্রয়োজন। দেশের ভেতরে ও বিশ্বমঞ্চে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

উল্লেখ্য, ৫২ বছর বয়সী আইনজীবী মন্টিনিগ্রো গত মার্চে সংসদে আস্থা ভোটে পরাজিত হওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।