সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরির ঘোষণা বিশ্বব্যাংকের

১৪ বছর পর সিরিয়ায় আবারও কার্যক্রম চালু করার পরিকল্পনা জানিয়েছে বিশ্বব্যাংক। সৌদি আরব ও কাতার দেশটির পুরোনো ঋণের বকেয়া পরিশোধ করায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় সংস্থাটি।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও কারিগরি সহায়তা বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। এতে উন্নয়ন ঋণ, অনুদান এবং প্রকৌশল সহায়তা থেকেও বঞ্চিত ছিল দেশটি।

গত বছর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারণের পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নেয় এবং নিষেধাজ্ঞা শিথিল করার প্রক্রিয়া শুরু করে।

বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানায়, সৌদি আরব ও কাতার যৌথভাবে প্রায় ১৫.৫ মিলিয়ন ডলার পরিশোধ করায় সিরিয়ার জন্য ব্যাংকের কার্যক্রম আবার চালু হওয়ার সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে সংঘাতের মুখে থাকা দেশটি এখন পুনর্গঠন ও উন্নয়নের পথে রয়েছে।

প্রথম প্রকল্প হিসেবে বিদ্যুৎ খাতের উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হবে। বিবৃতিতে আরও জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে দেশের জরুরি চাহিদা মেটানো এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে বিনিয়োগ বাড়ানো হবে। এতে শুধু সিরিয়া নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করে সংস্থাটি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত সিরিয়ার অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনে ভূমিকা রাখবে এবং দেশটিকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়তা করবে।