খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই মে ২০২৫, ৬:৪০ পিএম

তুরস্কে আয়োজিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় মস্কো প্রকৃত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাবান প্রতিনিধি না পাঠিয়ে একটি ‘ডামি’ বা ছায়া প্রতিনিধি দল পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আঙ্কারা থেকে এএফপি জানায়, জেলেনস্কি বলেন, ‘রুশ প্রতিনিধি দলের দায়িত্ব ও এখতিয়ার সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে কিনা, সেটা জানা জরুরি।’
তিনি আরও যোগ করেন, ‘এখন পর্যন্ত যেটা দেখছি, তা হলো—তাদের পাঠানো দল কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য। প্রকৃত ক্ষমতা যাদের হাতে, তারা আলোচনায় নেই।’
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে আলোচনার পরই ইউক্রেন তাদের পরবর্তী করণীয় ঠিক করবে।
দীর্ঘ তিন বছর পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি এই শান্তি আলোচনা আয়োজিত হলেও পুতিনের অনুপস্থিতি এবং রাশিয়ার প্রতিনিধি দলের ‘সীমিত ম্যান্ডেট’ নিয়েই প্রশ্ন তুলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
মন্তব্য