অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ঝড় ও বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা ১ লাখ ২০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পুনরায় সংযোগ দিতে দ্রুত কাজ করছে ইউটিলিটি সংস্থাগুলো।
ঝড়-বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ায় ১ লাখ ২০ হাজার বাড়িঘর বিদ্যুৎহীন
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় আলফ্রেড পাঁচ দিন ধরে ৪০০ কিলোমিটারজুড়ে তাণ্ডব চালিয়ে শনিবার স্থল নিম্নচাপে পরিণত হয়।
শুক্রবার, তীব্র ঝড়বৃষ্টির মধ্যে ৬১ বছর বয়সী এক ব্যক্তি সেতুর ওপর দিয়ে ফোর হুইল ড্রাইভ চালিয়ে যাওয়ার সময় প্লাবিত নদীতে ভেসে মারা যান।
কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের উপকূলে ঝড়ের তীব্রতা কমলেও বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রভাব রয়ে গেছে। কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যেখানে মঙ্গলবার সকালেও ১ লাখ ১৮ হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল।
বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এনার্জেক্স জানিয়েছে, শুক্রবারের মধ্যে ৯৫ শতাংশ সংযোগ পুনরুদ্ধারের লক্ষ্য রয়েছে। সংস্থাটি জানিয়েছে, অনুকূল আবহাওয়ার সুযোগ নিয়ে দুই সহস্রাধিক কর্মী পুনরায় মাঠে নেমেছেন এবং বিদ্যুৎ নেটওয়ার্কের ক্ষতিগ্রস্ত অংশ মূল্যায়নে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
এনার্জেক্স আরও জানায়, জরুরি অবস্থার সময় কুইন্সল্যান্ডে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, যা প্রাকৃতিক দুর্যোগজনিত বিদ্যুৎ বিভ্রাটের রেকর্ড।
এদিকে, নিউ সাউথ ওয়েলসের উত্তর-পূর্বাঞ্চলে ৭ হাজার ৬০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনও বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানিয়েছে এসেনশিয়াল এনার্জি। সংস্থাটি সতর্ক করেছে, ঝড়ের কারণে গাছপালা পড়ে থাকায় এবং রাস্তা অবরুদ্ধ হওয়ায় গ্রাহকদের আরও দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হতে পারে।
