কানাডায় মন্দিরে হামলার ঘটনায় খালিস্তানি ‘গ্রেপ্তার ।গত ১২ ও ১৪ আগস্ট কানাডার রাজধানী অটোয়ায় লক্ষ্মী নারায়ণ মন্দিরে হামলা চালায় খালিস্তানিরা। ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে রয়্যাল কানাডিয়ান পুলিশ জানিয়েছে। পুলিশ অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ করেনি। ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যেই এই পদক্ষেপ নিলো কানাডা।

কানাডায় মন্দিরে হামলার ঘটনায় খালিস্তানি গ্রেপ্তার
গত মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের পর সে দেশের পুলিশের এই পদক্ষেপকে ভারত কতটা গুরুত্ব দিচ্ছে তা এখনও স্পষ্ট নয়। ট্রুডোর অভিযোগ ছিল গত জুনে কানাডার ব্রিটিশ-কলম্বিয়া প্রদেশে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দাদের হাত আছে। সেই অভিযোগের জেরে দুই দেশে কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছে যায়। ভারত কানাডা থেকে কূটনীতিক সরাতে শুরু করেছে। ট্রুডো প্রশাসনকেও বলা হয়েছে ৪০ কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে।
নরেন্দ্র মোদি সরকার ট্রুডোর বক্তব্য নসাৎ করার পাশাপাশি পাল্টা অভিযোগ তোলে কানাডায় ভারত বিরোধী কর্মসূচি, নাশকতা, ভারতীয় প্রতিষ্ঠানের উপর হামলার ‘ঘটনা বাড়ছে। এমনকী ধর্মস্থানও বাদ যাচ্ছে না।

অটোয়ার লক্ষ্মী নারায়ণ মন্দিরে হামলার ঘটনায় সদর দরজা অপবিত্র করা হয় বলে অভিযোগ করেছিল কর্তৃপক্ষ। এছাড়া মন্দিরের দেয়ালে ভারত বিরোধী পোস্টার সাঁটা হয়। তাতে ভারতীয় দূতাবাস কর্মীদের হুমকিসূচক কথা লেখা ছিল। মন্দির কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ভারত সরকার কানাডা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলে। কিন্তু এতদিন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।