এবার কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে বলল ভারত।৪১ জন কানাডীয় কূটনীতিককে ভারত থেকে সরিয়ে নিতে মঙ্গলবার (৩ অক্টোবর) অটোয়াকে বলেছে নয়াদিল্লি। মূলত কানাডার খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর উত্তর আমেরিকার এই দেশটির সঙ্গে ভারতের কূটনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমস এই খবর প্রকাশ করেছে।
এবার কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে বলল ভারত
গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ সামনে আনার পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক মারাত্মক অবনতি ঘটেছে । নিহত নিজ্জারকে নয়াদিল্লি ‘সন্ত্রাসী’ বলে ঘোষণা করেছিল ২০২০ সালে। তবে ভারত তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ‘অযৌক্তিক’ বলে নাকচ করে দিয়েছে ভারত।

এই পরিস্থিতিতে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার কথা জানানোর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য ফিনান্সিয়াল টাইমস বলেছে, ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের কূটনৈতিকের নিরাপত্তা প্রত্যাহার করতে বলেছে ভারত। পত্রিকাটি বলেছে, ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছে এবং ভারত বলেছে- কানাডিয়ান কূটনীতিকদের মোট এই সংখ্যা থেকে ৪১ জন কমানো উচিত। অবশ্য এ বিষয়ে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এর আগে বলেছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের জন্য ‘সহিংসতার পরিবেশ’ এবং ‘ভীতি প্রদর্শনের পরিবেশ’ রয়েছে। এছাড়া দেশটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি নয়াদিল্লিকে হতাশ করেছে বলেও সেসময় জানান তিনি।

নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। ভারতের বিরুদ্ধে নিজ্জার হত্যার ট্রুডোর এই অভিযোগ সামনে আসার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনার এক পর্যায়ে উভয় দেশ একে অপরের একজন করে কূটনীতিককে বহিষ্কার করে এবং পরে কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে ভারত।