রাজধানীর বাড্ডা দক্ষিণ আনন্দনগরে বাবা মায়ের সাথে অভিমান করে হোসনে আরা মিম (১৭) নামের এক এইচএসসি ভর্তি প্রত্যাশী এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকাল সাড়ে দশটায় এ ঘটনাটি ঘটে। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ খবর জানান বাড্ডা থানার উপ পরিদর্শক এসআই ফাতেমা সিদ্দিকা মীম। তিনি বলেন, মৃতা মিম সকাল সাড়ে দশটার দিকে সবার অগোচরে তার রুমে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবা-মায়ের সাথে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পরবর্তীতে বিকেল ২টা৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রাথমিকভাবে জানা যায়, আত্মহত্যা করেছে তবে তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতার খালু মোঃ বকুল মিয়া বলেন, মিম এবার রাজধানী আইডিয়াল স্কুল থেকে এসএসসি পাস করেছে। তার ইচ্ছা ছিল এইসএসসি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি হবার। কিন্তু তার বাবা-মা বাড্ডায় স্থানীয় ইম্পেরিয়াল কলেজে ভর্তি করতে চেয়েছিল। সে কারণেই বাবা-মায়ের উপর অভিমান করে সকালে সাড়ে দশটার দিকে সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।
মৃতা মিম বাড্ডা দক্ষিণ আনন্দনগর এলাকার স্থায়ী বাসিন্দা নিরাপত্তা কর্মী জালাল হোসেনের মেয়ে। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল বড়।
