হিজরা সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই পুরুষ। কিন্তু তারা হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন।
হিজরা সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হোসেন ওরফে শিলা হিজরা (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজরা (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজরা (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজরা (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজরা (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজরা (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজরা (২৮) এবং মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজরা (২০)।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। জনৈক পাপ্পু হিজরা তাদের গুরুমাতা হিসেবে আছে। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজরা সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হয়। গ্রেপ্তারকৃতদের কারও বাড়ি লক্ষ্মীপুর, কারও বাড়ি সিরাজগঞ্জ, কারও বাড়ি পাবনা, কাউকে আবার আনা হয়েছে ময়মনসিংহ থেকে। তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে। কিন্তু তবুও তারা হিজরা সেজে চাঁদাবাজি করছিলেন।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন। পরবর্তীতে তিনি ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
