খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩১ই জুলাই ২০২৩, ৫:০ পিএম
বিএনপির ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ করা উচিত: ওবায়দুল কাদের। নির্বাচন সামনে রেখে ঢাকার প্রবেশপথ অবরোধের কর্মসূচি দেওয়ার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিএনপির ‘কর্মসূচি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, গোলাপবাগে হোঁচট খেয়ে সোহরাওয়ার্দী উদ্যানেই গেলো। অনুমতি নিয়েই তো গেলো। অনুমতি আর নেবো না। দখল করে ফেলছি ঢাকা, বাংলাদেশ। এত সোজা রাজনীতি? তাদের উদ্দেশ্য তারা একটি লাশ ফেলবে। পুলিশের ওপর যে হামলাটা, পুলিশ তো বাধা দেবেই।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রোড বন্ধ করে দিলে পুলিশ চোখ বন্ধ করে রাখবে? আমি পুলিশকে দোষ দেবো না। জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব পুলিশের। আমরা কোনো উত্তেজনায় যাবো না। আমরা নির্বাচন চাই। উত্তেজনা হলে তো আমাদের চলবে না। নির্বাচনে জনগণ চাইলে আমরা আবারও থাকবো, না চাইলে থাকবো না।
সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকানদের উদ্দেশে বলবো, সমাবেশের পরের দিন তারা কেনো অবরোধ কর্মসূচি দিলো? এটা কোন ধরনের গণতন্ত্র? এটা তো নির্বাচনকে বাধাগ্রস্ত করা। তাদের উদ্দেশ্য একটা লাশ ফেলা। লন্ডন থেকে তারেক রহমান সেই কথাই বলেছেন। যারা নির্বাচন চায়, তারা সংঘাত চায় না। আমরা নির্বাচন চাই।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য