নির্বাচন সামনে রেখে প্রশাসনে রদবদল ঘটাচ্ছে সরকার: মির্জা ফখরুল । বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের চেহারা সবসময় দুর্নীতিগ্রস্ত। তাদের শাসনামলে এই গণলুট হয়, সন্ত্রাস হয়। আমরা তাদের চিনি, এখন বড় বড় কথা বলে। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে বোঝা যায় তারা ভিন্নমত সহ্য করতে পারে না। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘গণমাধ্যমের কালো দিবস’ উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হয়েছে। তিনি খুবই অসুস্থ, এখন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে বলছেন। কিন্তু সরকার সেটা না করে বলছে যে অসুস্থতা নিয়ে আমরা রাজনীতি করছি। এর উত্তর দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। এর একমাত্র উত্তর হচ্ছে জনগণের অভ্যুত্থান।
নির্বাচন সামনে রেখে প্রশাসনে রদবদল ঘটাচ্ছে সরকার: মির্জা ফখরুল
সম্প্রতি পুলিশে রদবদল এবং পদোন্নতির যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সে বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে সরকার তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিচ্ছে। তারা নির্বাচন শুরু করে দিয়েছে। যেমন করে বাকশাল সাজিয়েছিল।
তিনি আরো বলেন, তারা (আওয়ামী লীগ) রাষ্ট্রযন্ত্রকে হাতে নিয়ে নিয়েছে। আমি কোর্টে জানাই, সেখানে বিচার পাব না। আমি পুলিশের কাছে জানাই, সেখানেও অভিযোগ লেখা যাবে না। আমি কোথায় যাব? এ জন্য এই সরকারকে সরাতে হবে। সরকারকে সরিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আওয়ামী লীগ এখন গালিতে পরিণত হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, চায়ের দোকানে যে ব্যক্তিটা গায়ের জোরে কথা বলে, টেবিল চাপড়ে কথা বলে মানুষ তাকে এখন আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে। কেউ খারাপ ব্যবহার করলে তাকে বলে আওয়ামী লীগ। মানুষ জেগে উঠেছে। আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলনে জনগণের বিজয় হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ।