রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য (ডোনার) খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, তিনি অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বন্ধু। বন্ধুত্বের কারণে মুশতাকের বাড়িতে শিক্ষা সফরে ছাত্রীদের নিয়ে যান ফাওজিয়া। সেখানেই ভিকটিমের সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে অনৈতিক সম্পর্কে জড়িয়ে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন তিনি। এই ঘটনায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে অভিভাবক ফোরাম।
বৃহস্পতিবার (১ জুন) অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক রোস্তম আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের দাতা সদস্য ষাটোর্ধ্ব খন্দকার মুশতাক আহমেদ প্রতিষ্ঠানটির কলেজ শাখার ১৭ বছর বয়সী ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক রেখেছেন। একপর্যায়ে অভিভাবকদের চাপে সম্প্রতি তৃতীয় বিয়ে করতে তিনি বাধ্য হয়েছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে এবং ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

রাজধানীতে আইডিয়ালের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ
প্রতিষ্ঠানটির শিক্ষক ও অভিভাবকরা জানান, শিক্ষা সফরের নামে গত ১৮ মার্চ খন্দকার মুশতাক আহমেদের নরসিংদীর বাড়িতে ছাত্রীদের নিয়ে যান কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী। এদিনের একটি ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অভিযোগ ওঠে, শিক্ষা সফরে এক ছাত্রীকে ‘লোভ’ দেখিয়ে সখ্য তৈরি করেন মুশতাক। বিষয়টি শিক্ষক ও অন্যান্য ছাত্রীদের নজরে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, মুশতাককে গলায় মালা পরান এবং মুখে তুলে খাওয়ান কলেজের অধ্যক্ষ। অনুষ্ঠানের ছবিতেই এটা দেখা যাচ্ছে। অধ্যক্ষের ঘনিষ্ট বন্ধু হওয়ার কারণে শিক্ষা সফর করা হয়েছে তার বাড়িতে।অভিভাবক ঐক্য ফেরামের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন, প্রতিষ্ঠানটিতে আগেও ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। আগে সঠিক বিচার হলে নতুন করে এমন ঘটনা ঘটতো না।
