শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং নিষিদ্ধ করে আইন

শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং নিষিদ্ধ করে আইন । শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক-কর্মচাারী বা শিক্ষার্থী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে র‌্যাগিং বা বুলিংয়ে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণে নতুন আইন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিব সোলেমান খানের স্বাক্ষরে মঙ্গলবার এই নীতিমালা জারি করে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি বা সদস্যরা র‌্যাগিংয়ে জড়ালে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং নিষিদ্ধ করে আইন

শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং নিষিদ্ধ করে আইন

 প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নীতিমালা ‘শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা-২০২৩’ নামে অভিহিত হবে। এ নীতিমালা দেশে অবস্থিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। এই নীতিমালা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সব প্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে।

নীতিমালায় আরো বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন থেকে পাঁচ সদস্য বিশিষ্ট বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ কমিটি করতে হবে। কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এমনকি পরিচালনা পর্ষদের সদস্যদের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলসমূহে কর্তৃপক্ষ তাদের নিজ নিজ অধিক্ষেত্রে বুলিং ও র‌্যাগিংয়ের ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবে; যদি কোন কর্তৃপক্ষ এটা করতে ব্যার্থ হয় তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এদিকে  র‌্যাগিং নিরসনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুনির্দিষ্ট শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে তাদের কাউন্সিলিংয়ের দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে নীতিমালায়। এতে বলা হয়েছে, বুলিং ও র‌্যাগিংয়ের উদাহরণ এবং পরিণতি সম্পর্কে কর্তৃপক্ষ ওয়েবসাইটে এবং প্রতিষ্ঠান প্রাঙ্গণে পোস্টারের মাধ্যমে প্রচারণা চালাবে।

তাছাড়া শিক্ষাবর্ষের শুরুতে একদিন ‘বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ দিবস’ পালন করে বুলিং ও র‌্যাগিংয়ের কুফল সম্পর্কে কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের সচেতন করবে। বুলিং ও র‌্যাগিংয়ের কুফল সম্পর্কিত সিনেমা, কার্টুন, টিভি সিরিজের প্রদর্শন, অনলাইনে দায়িত্বশীল আচরণের ব্যাপারে অনলাইন বিহেভিয়ার সম্পর্কিত কর্মশালা করবে। সহপাঠ্যক্রমিক কর্মশালা আয়োজনের নিমিত্তে কর্তৃপক্ষকে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Leave a Comment