খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই মার্চ ২০২৩, ৫:২৯ পিএম
যানবাহন কেনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে অর্থ মন্ত্রণালয় , নতুন যানবাহন বিশেষ করে মোটরযান, জলযান ও আকাশযান কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অর্থ মন্ত্রণালয়।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামান সই করা এ সংক্রান্ত পরিপত্র সব মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। রোববার এ পরিপত্রে সই করেন উপসচিব।
ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে সরকার এ নতুন নির্দেশনা দিয়েছে। আগের মতোই ২০২২-২৩ অর্থবছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন বা প্রতিস্থাপক হিসেবে সব প্রকার যানবাহন বিশেষ করে মোটরযান, জলযান, আকাশযান কেনা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
নতুন এ পরিপত্রে বলা হয়েছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয়ের অধীনে প্রদর্শিত বরাদ্দ শতভাগ খরচ করা যাবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ খরচ করা যাবে। এছাড়া প্রশিক্ষণ খাতে (প্রশিক্ষণ প্রতিষ্ঠান ব্যতীত) বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ এবং পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট’ ও গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ খরচ করা যাবে।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে উন্নয়ন বাজেটের অধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত নির্ধারিত ‘এ’ ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পে জিওবি অংশে বরাদ্দ করা অর্থ শতভাগ এবং ‘বি’ ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পে জিওবি অংশে বরাদ্দ করা অর্থের ১৫ শতাংশ সংরক্ষিত রেখে অনূর্ধ্ব ৮৫ শতাংশ খরচ করা যাবে। তবে ‘সি’ ক্যাটাগরিভুক্ত প্রকল্পের অর্থ ছাড় পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এতে আরও বলা হয়েছে, এসব খাতের বরাদ্দ করা অর্থ অন্য কোনো খাতে এবং অন্য কোনো খাত থেকে এসব খাতে পুনঃউপযোজন করা যাবে না। ক্যাটাগরি (এ, বি, সি) নির্বিশেষে যে সব প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৩০ জুন ২০২৩ তারিখে শেষ জন্য নির্ধারিত এবং কোনোভাবেই মেয়াদ বাড়ানোর অবকাশ নেই, সে সব প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ করা অর্থ শতভাগ খরচ করা যাবে।

এর আগে গত বছরের ৩ জুলাই, ২১ জুলাই এবং ১৩ ডিসেম্বর সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে পরিপত্র জারি করা হয়। তাতে বিভিন্ন ব্যয়ে লাগাম টেনে ধরে সরকার। তারই ধারাবাহিকতায় এখন নতুন নির্দেশনা আসলো।
আরও দেখুনঃ
মন্তব্য