খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৮ই ডিসেম্বর ২০২০, ১:৭ পিএম
সোহরাব হোসেন (জন্ম. ১৯২১- মৃত্যু্. ১৯৯৮) বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বৃহত্তর যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাগুরা মহকুমা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
Table of Contents
সোহরাব হোসেন ১৯২১ সালে মাগুরার ভায়না গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন । ১৯৪৬ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে ডিস্টিঙ্কশন্ সহ বি.এস.সি পাশ করে যশোহর জেলা স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করেন। ১৯৪৮ সনে তিনি শিক্ষকতার পেশা ত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং এলএলবি পাশ করে ১৯৫৪ সালে মাগুরা বারে যোগদান করেন।
ছাত্র জীবনে কমরেড আব্দুল হক এবং তত্কালীন বৃটিশবিরোধী আন্দোলনে জড়িত ছিলেন এবং ১৯৪৮ সালে তিনি তত্কালিন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের সংস্পর্শে আসেন। ১৯৬৬ সাল পর্যন্ত তিনি মাগুরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত বৃহত্তর যশোহর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদে মাগুরা-নড়াইল আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি ২য় সর্বোচ্চ ভোটের ব্যবধানে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
স্বাধীনতা যুদ্ধ চলাকালিন সময়ে তিনি মুজিব নগর সরকারের অন্যতম নীতি নির্ধারকের দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম মন্ত্রী পরিষদের বন, মৎস্য ও পশু পালন মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি গণপুর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন।
জনাব সোহরাব হোসেন ১৯৯৮ সালের ২৬ জানুয়ারি ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে মাগুরার ভায়না গ্রামস্থ পৌর গোরস্থানে সমাহিত করা হয় ।
মন্তব্য