,

গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

কুড়িগ্রামের রাজিবপুরে গরু চুরির চেষ্টার অভিযোগে মফিজুল হক নামে এক ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার বিস্তারিত তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মফিজুল হক মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি। বুধবার (৭ অক্টোবর) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্যসচিব নাজমুল মাহমুদের সই করা পৃথক চিঠিতে শোকজ ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

শোকজ নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রাজিবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের উপস্থিতিতে ওই ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের নিরপেক্ষতা যাচাই করতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখে অভিযোগের সত্যতা যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, গত রোববার (৪ অক্টোবর) রাত ২টার দিকে মোহনগঞ্জ ইউনিয়নের ভোটাংপাড়া গ্রামের বাসিন্দা ওমর আলীর গোয়ালঘরে মফিজুল হকসহ কয়েকজন প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে ওমর আলী বাইরে বের হলে মফিজুলকে তিনি ধরে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে কৌশলে সেখান থেকে মফিজুল পালিয়ে যান।

ঘটনার পরদিন সকালে স্থানীয় বাজারে ওমর আলীকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় ওমর আলীর ছেলে দুলাল হোসেন (৩৮) মফিজুল হকসহ চারজনের বিরুদ্ধে ঢুষমারা থানায় লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে আরও দাবি করা হয়েছে, মফিজুল মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং এসব কর্মকাণ্ডের অর্থ জোগাড় করতেই গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করা হয়েছিল। অভিযোগে বাধা দেওয়ায় ওমর আলীকে নির্যাতন এবং পরে হত্যার হুমকি দেওয়ার কথাও বলা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মফিজুল হকের বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা এখনো নিশ্চিত হয়নি। তদন্ত কমিটির অনুসন্ধান এবং অভিযুক্তের লিখিত জবাবের পরই বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকায় ওই ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার লিখিত জবাব পাওয়ার পর অভিযোগের ধরন ও ব্যাখ্যা পর্যালোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।