বাংলাদেশের বীমা খাতের বর্তমান পরিস্থিতি, প্রধান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাব্য নীতিগত দিকনির্দেশনা চিহ্নিত করতে একটি বিস্তৃত গবেষণা কার্যক্রম শুরু হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং ইন্স্যুরেন্স নিউজ বিডি যৌথভাবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
‘Insurance Sector of Bangladesh: Reality, Challenges and Way Forward’ শীর্ষক এই গবেষণায় দেশের বীমা শিল্পকে বিভিন্ন দিক থেকে মূল্যায়ন করা হবে। খাতটির কাঠামো, প্রবৃদ্ধি, কার্যক্রম এবং জাতীয় অর্থনীতিতে অবদান বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়নে কোন ধরনের নীতিগত পদক্ষেপ প্রয়োজন হতে পারে, তাও গবেষণার মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা করা হবে।
গবেষণার আওতায় জীবনবীমা ও সাধারণ বীমা—দুই খাতই থাকবে। বীমার প্রসার ও ঘনত্ব, নতুন পণ্য তৈরির সুযোগ, গ্রাহকের কাছে সেবা পৌঁছানোর বিভিন্ন মাধ্যম এবং বিমা দাবি নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে। এসব বিষয় বীমা সেবার পরিধি এবং গ্রাহকের অভিজ্ঞতা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
খাতটির সুশাসন, নিয়ন্ত্রক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাও গবেষণার গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং মানবসম্পদের সঙ্গে সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করা হবে।
গবেষণায় গ্রাহকের আস্থা ও সেবার মানের বিষয়টিও গুরুত্ব পাবে। বীমা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা, আর্থিক অন্তর্ভুক্তিতে বীমার ভূমিকা এবং গ্রাহকদের কাছে পণ্য ও সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলোও বিশ্লেষণ করা হবে।
গবেষণার তথ্য সংগ্রহে প্রাথমিক ও মাধ্যমিক—দুই ধরনের উৎস ব্যবহার করা হবে। পাশাপাশি বীমা খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে। এর মাধ্যমে পরিসংখ্যান ও নথিভিত্তিক তথ্যের পাশাপাশি শিল্পের বাস্তব অভিজ্ঞতাও গবেষণার বিশ্লেষণে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সমঝোতা অনুযায়ী গবেষণার নকশা, গবেষণাপদ্ধতি নির্ধারণ এবং তথ্য বিশ্লেষণের নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ। গবেষণার একাডেমিক স্বাধীনতা ও গবেষণার মান বজায় রাখার দায়িত্বও থাকবে বিভাগের ওপর।
অন্যদিকে, ইন্স্যুরেন্স নিউজ বিডি গবেষণার অর্থায়ন ও সহযোগী অংশীদার হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় শিল্পসংক্রান্ত তথ্য ও নথি, অনুসন্ধানমূলক উপকরণ এবং খাতভিত্তিক অভিজ্ঞতা সরবরাহ করবে। পাশাপাশি সম্ভাব্য ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের ক্ষেত্রেও সহায়তা করবে।
সমঝোতা স্মারকে গবেষণার স্বাধীনতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ইন্স্যুরেন্স নিউজ বিডি তথ্য ও শিল্পসংক্রান্ত অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি গবেষণায় ব্যবহৃত তথ্যের বাস্তবতা ও প্রাসঙ্গিকতা নিয়ে মতামত দিতে পারবে। তবে গবেষণার বিশ্লেষণ, ফলাফল এবং সুপারিশ নির্ধারণের দায়িত্ব থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের হাতে।
এই উদ্যোগের মাধ্যমে একাডেমিক গবেষণা এবং বীমা শিল্পের বাস্তব অভিজ্ঞতার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। ঝুঁকি ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদি সঞ্চয়, আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে বীমার ভূমিকা নিয়েও গবেষণায় গুরুত্ব দেওয়া হবে।
গবেষণার কাজ তাৎক্ষণিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে এটি সম্পন্ন হবে। পরে একটি চূড়ান্ত গবেষণা প্রতিবেদনে ফলাফল উপস্থাপন করা হবে। সেখানে বাংলাদেশের বীমা খাতের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাব্য নীতিগত দিকনির্দেশনা তুলে ধরা হবে।









