জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দশজন যাত্রী। বুধবার সন্ধ্যা সাড়ে সাড়ে ছয়টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি সদর উপজেলার আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র গতির কারণে সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে বাস দুটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আ. রাজ্জাক নামের এক যাত্রী। নিহত রাজ্জাক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামের হোসেন আলীর ছেলে।
সংঘর্ষের পরপরই স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। গুরুতর আহতদের মধ্যে অন্তত ছয়জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত অপর দুই ব্যক্তির মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে; তিনি পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০)। তবে তৃতীয় নিহত ব্যক্তির তাৎক্ষণিক কোনো পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল এবং তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এবং আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে মহাসড়কগুলোতে অতিরিক্ত গতি ও নিয়ম না মেনে গাড়ি চালানোর প্রবণতা বেড়ে যাওয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
Tags :

সৌরভ বিশ্বাস | উপ-সম্পাদক । জিলাইভ বাংলা

https://bn.glive24.com/

সর্বশেষ খবর