দেশের বিভিন্ন স্থানে সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, আয়োজন বাতিলের চাপ এবং অনুষ্ঠানস্থলে হামলার ঘটনায় সংগীতাঙ্গনের শিল্পীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। শিল্পীদের একাংশের মতে, কোনো সাংস্কৃতিক আয়োজন নিয়ে আপত্তি থাকলে তা আইন ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা উচিত। হামলা, ভাঙচুর কিংবা ভয় দেখিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রবণতা শুধু শিল্পীদের স্বাধীনতাকেই সংকুচিত করে না, বরং দেশের সাংস্কৃতিক পরিবেশ ও নাগরিক অধিকার নিয়েও প্রশ্ন তৈরি করে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গত ১৯ আগস্ট কিশোরগঞ্জে একটি কনসার্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়। স্থানীয় ইমাম-ওলামা পরিষদ জেলা প্রশাসকের কাছে দেওয়া এক চিঠিতে জানিয়েছিল, অনুষ্ঠানটি আয়োজন করা হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। এর পর একই রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স প্রাঙ্গণে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। সেখানে বিপুলসংখ্যক মাদ্রাসাছাত্র হামলা চালিয়ে দর্শকদের জন্য রাখা চেয়ার ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করলে অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনাটি নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রশ্ন ওঠে—অনুষ্ঠানে হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী হওয়া উচিত এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের অবস্থান কতটা কার্যকর।
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি হামিন আহমেদ মনে করেন, সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। তাঁর মতে, দেশের বিভিন্ন এলাকায় সংগীতচর্চা ও সাংস্কৃতিক আয়োজনের ক্ষেত্রে বাধা দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিষয়টি সরকারের গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা প্রসঙ্গে হামিন আহমেদ বলেন, হামলাকারীদের প্রতিহত করতে পুলিশের নেওয়া পদক্ষেপ দায়িত্ব পালনের অংশ ছিল। সেই ঘটনার পর পুলিশ সদস্যদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো অনুষ্ঠানস্থলে হামলা ঠেকাতে গিয়ে বাধার মুখে পড়ে, তাহলে পুরো বিষয়টি দায়িত্ব পালনের বাস্তবতার আলোকে দেখা দরকার।
সংগীতকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখার বিরোধিতা করেন হামিন আহমেদ। তাঁর বক্তব্য অনুযায়ী, বহু মানুষের পেশা ও জীবিকা সংগীতের সঙ্গে সরাসরি যুক্ত। একটি অনুষ্ঠান বন্ধ হয়ে গেলে শুধু শিল্পীর মঞ্চে ওঠার সুযোগই নষ্ট হয় না; আয়োজক, বাদ্যযন্ত্রী, শব্দ ও আলোকসজ্জার কর্মীসহ সংশ্লিষ্ট অনেকের কাজও ক্ষতিগ্রস্ত হয়। ফলে হুমকি, ভাঙচুর বা জোর করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রভাব সাংস্কৃতিক পরিসরের বাইরেও পড়ে।
হামিন আহমেদের মতে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পাশাপাশি চলে আসছে। তাই উগ্রতার মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা দেশের দীর্ঘদিনের সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের প্রবণতার উৎস চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
শিরোনামহীন ব্যান্ডের সুরকার ও বেজবাদক জিয়াউর রহমান জিয়াও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাঁর মতে, দেশে সংস্কৃতিচর্চা যদি নিরাপদ না থাকে, তাহলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও প্রশ্ন ওঠে। সংস্কৃতি রক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব এবং একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
জিয়াউর রহমানের বক্তব্যে সাংস্কৃতিক পরিসরের ব্যাপ্তির বিষয়টিও উঠে এসেছে। তাঁর মতে, সংগীত থেকে নৌকাবাইচ—দেশের নিজস্ব সংস্কৃতির প্রতিটি উপাদানেরই গুরুত্ব রয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পচর্চা কিংবা মানুষের সৃজনশীল কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হলে তার প্রভাব সমাজের ওপর দীর্ঘমেয়াদে পড়তে পারে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রয়েছে। তবে সেই স্বাধীনতার চর্চা যেন অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে, সেটিও নিশ্চিত করা প্রয়োজন। সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, মতপ্রকাশ এবং শিল্পচর্চাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ নাগরিক অধিকারের বৃহত্তর পরিসরের সঙ্গে যুক্ত। তাই কোনো সাংস্কৃতিক আয়োজন নিয়ে আপত্তি থাকলে তার সমাধান জোরপূর্বক নয়, বরং আইনসম্মত পদ্ধতিতে হওয়া উচিত বলে তিনি মনে করেন।
গায়ক ও গিটারবাদক আহমেদ হাসান সানিও সাম্প্রতিক ঘটনাগুলোকে সংস্কৃতির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন। তাঁর দৃষ্টিতে, শিশুদের সংগীতচর্চার সুযোগ বাড়ানো এবং বিদ্যালয়ে পাঠাগার ও নিয়মিত পাঠের পরিবেশ তৈরি করা জরুরি। এসব চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের চিন্তার পরিসর বিস্তৃত হয় এবং সমাজে পারস্পরিক সহনশীলতা গড়ে উঠতে পারে।
সানি প্রশ্ন তুলেছেন, কেন সমাজে পাঠাগারের সংখ্যা ও পাঠাভ্যাস কমছে এবং কেন গল্পের বই পড়ার মতো সাংস্কৃতিক পরিবেশ সংকুচিত হচ্ছে। তাঁর মতে, সংগীত, সাহিত্য ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ড মানুষের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে। একই সঙ্গে ভিন্ন মত ও ভিন্ন জীবনদৃষ্টির প্রতি সহনশীল হওয়ার মানসিকতাও গড়ে তুলতে পারে।
তাঁর বক্তব্য অনুযায়ী, সংগীতচর্চার পরিবেশ সংকুচিত হলে তার প্রভাব কেবল কয়েকটি অনুষ্ঠান বাতিল হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দীর্ঘমেয়াদে মতের বৈচিত্র্য, পারস্পরিক সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এর আগে ২২ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বহু বছর ধরেই সংগীত বা চলচ্চিত্র প্রদর্শন কার্যত নিষিদ্ধের মতো অবস্থায় রয়েছে। তাঁর এই মন্তব্যও সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
সাম্প্রতিক ঘটনাগুলোর পর শিল্পীদের বক্তব্যে মূলত দুটি বিষয় সামনে এসেছে—সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব। তাঁদের মতে, কোনো অনুষ্ঠান নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জানানো যেতে পারে এবং প্রয়োজন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু হামলা, ভাঙচুর কিংবা ভয়ভীতি দেখিয়ে একটি আয়োজন বন্ধ করে দেওয়া গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না।
সংস্কৃতিচর্চা শুধু মঞ্চে গান পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি অনুষ্ঠানকে ঘিরে শিল্পী, দর্শক, আয়োজক, কারিগরি কর্মী এবং নানা পেশার মানুষের অংশগ্রহণ থাকে। একই সঙ্গে সংগীত, সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও লোকজ সংস্কৃতি একটি সমাজের বহুমাত্রিক পরিচয়কে ধারণ করে।
শিল্পীদের বক্তব্য অনুযায়ী, এই সাংস্কৃতিক পরিসর নিরাপদ রাখতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং আইনশৃঙ্খলার কার্যকর প্রয়োগ প্রয়োজন। সাংস্কৃতিক আয়োজনে আপত্তি বা মতবিরোধ দেখা দিলে তা যেন সংলাপ, আইন ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান করা হয়—এটাই তাঁদের প্রধান প্রত্যাশা। তাঁদের আশঙ্কা, একের পর এক আয়োজন বাধাগ্রস্ত হলে বিষয়টি আর বিচ্ছিন্ন ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ধীরে ধীরে দেশের সামগ্রিক সাংস্কৃতিক পরিবেশের ওপরও এর প্রভাব পড়তে পারে।









