বাংলাদেশের জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর লেস্টার সিটি অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। দীর্ঘ ২১ বছর ইংল্যান্ডের ক্লাবটির সঙ্গে থাকার পর এবার স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। নতুন ক্লাবে যাওয়ার মধ্য দিয়ে শৈশব থেকে গড়ে ওঠা হামজার লেস্টার-অধ্যায়ের ইতি ঘটল।
লেস্টারের একাডেমিতে ছোটবেলায় যোগ দিয়েছিলেন হামজা। ধাপে ধাপে বয়সভিত্তিক দল পেরিয়ে মূল দলে জায়গা করে নেওয়া এই মিডফিল্ডার শেষ পর্যন্ত ক্লাবটির হয়ে ১৬৫টি ম্যাচ খেলেছেন। দীর্ঘ সময় ধরে লেস্টারের সঙ্গে তার পথচলায় এসেছে উল্লেখযোগ্য সাফল্যও। ২০২১ সালে ক্লাবটির হয়ে এফএ কাপ জয়ের স্বাদ পান তিনি। তিন বছর পর ২০২৪ সালে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ দলের অংশ ছিলেন হামজা।
লেস্টার সিটি এক বিবৃতিতে হামজার স্থায়ী দলবদরের বিষয়টি নিশ্চিত করে তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছে। ক্লাবটি জানিয়েছে, ২১ বছর লেস্টারে কাটানোর পর হামজা এবার স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন।
শেফিল্ড ইউনাইটেড অবশ্য হামজার জন্য একেবারে অপরিচিত কোনো ঠিকানা নয়। ২০২৪-২৫ মৌসুমে লেস্টার থেকে ধারে ব্রামল লেনে খেলেছিলেন তিনি। সে সময় শেফিল্ড ইউনাইটেডের হয়ে ১৬টি ম্যাচে মাঠে নেমেছিলেন বাংলাদেশের এই ফুটবলার। সেই অভিজ্ঞতার পর এবার স্থায়ীভাবেই ক্লাবটিতে ফিরছেন তিনি।
হামজার জন্য দলবদলটি ব্যক্তিগত ক্যারিয়ারের পাশাপাশি বাংলাদেশের ফুটবলের জন্যও তাৎপর্যপূর্ণ। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা এই মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে বেছে নেওয়ার পর থেকেই দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন।
ইংল্যান্ডের লাফবরায় জন্ম নেওয়া হামজার মা বাংলাদেশি। শৈশব ও কৈশোরে ইংল্যান্ডের ফুটবল কাঠামোর মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন। তবে পরবর্তী সময়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন তিনি।
বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হয় ২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে। সেই ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল। অভিষেকের পর দ্রুতই জাতীয় দলের মাঝমাঠে নিজের প্রভাব তৈরি করেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০টি ম্যাচ খেলে চারটি গোল করেছেন হামজা।
লেস্টারের সঙ্গে তার ২১ বছরের সম্পর্কের সমাপ্তি তাই কেবল একটি ক্লাব বদলের ঘটনা নয়। যে একাডেমিতে শৈশবে তার ফুটবলযাত্রা শুরু হয়েছিল, সেই ক্লাবের হয়ে ১৬৫ ম্যাচ খেলে এবার নতুন অধ্যায়ের পথে পা রাখছেন তিনি। শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন হামজা, আর বাংলাদেশের ফুটবলও তাকিয়ে থাকবে জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পরবর্তী অধ্যায়ের দিকে।









