খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম

রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই নৃশংস ঘটনার পর দায়ের হওয়া মামলার মাত্র আট ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজশাহী র্যাব-৫-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীটির কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির সাংবাদিকদের এই সাফল্যের কথা জানান।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম দেব চন্দ্র দাস (২২)। সে চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরের দিকে আরজিসাদীপুর এলাকার বাসিন্দা দেব চন্দ্র দাস তার প্রতিবেশী ওই সাত বছরের শিশুটিকে একা পেয়ে টার্গেট করে। সে শিশুটিকে টেলিভিশন দেখানো এবং পছন্দের খাবার দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে তখন অন্য কেউ ছিল না। এই সুযোগে দেব চন্দ্র দাস শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এদিকে দীর্ঘক্ষণ ধরে নিজেদের একমাত্র সন্তানকে আশেপাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। প্রতিবেশীদের বাড়ি ও রাস্তার মোড়ে সন্ধান করেও মেয়ের খোঁজ না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। একপর্যায়ে সন্দেহবশত তিনি প্রতিবেশী দেব চন্দ্র দাসের বাড়িতে যান এবং সেখানে অবরুদ্ধ অবস্থা থেকে নিজের মেয়েকে উদ্ধার করেন। মায়ের কাছে আসার পরই শিশুটি কান্নায় ভেঙে পড়ে।
পরবর্তীতে কান্নাকাটির কারণ জিজ্ঞেস করলে শিশুটি তার মায়ের কাছে দেবের এই পাশবিক নির্যাতনের কথা খুলে বলে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকেরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
নৃশংস এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পর পরই অর্থাৎ বুধবার বিকেলেই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেব চন্দ্র দাসকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই বিষয়টি নজরে আসে র্যাব-৫-এর গোয়েন্দা দলের। আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে ছায়াতদন্ত শুরু করে তারা।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাবের একটি আভিযানিক দল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযানে নামে। সেখানে ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে আত্মগোপনে থাকা অবস্থায় দেব চন্দ্র দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। মামলা দায়েরের মাত্র আট ঘণ্টার মাথায় প্রধান আসামিকে ধরতে পারায় স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
র্যাবের বক্তব্য: র্যাব কর্মকর্তা মেজর মনজুরুল কবির জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই দেব চন্দ্র দাস ঘটনার সাথে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে আজ দুপুরে তাকে চারঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে র্যাবের কঠোর নজরদারি ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নীতি বজায় থাকবে।
মন্তব্য