খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৭ই জুলাই ২০২৬, ৮:৪৮ পিএম

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা একসময় তাকে প্রেমপত্র লিখেছিলেন—এমন গুঞ্জন বহু বছর ধরে বিনোদন অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে। তবে সেই আলোচিত দাবি সত্য কি না, সে বিষয়ে এবারও স্পষ্ট কোনো মন্তব্য করলেন না পাকিস্তানের জনপ্রিয় পপশিল্পী হাসান জাহাঙ্গীর। বরং বিষয়টি নিয়ে কৌশলী নীরবতাই বজায় রাখলেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যক্তিগত জীবন, সংগীতজীবন এবং বলিউডের তারকাদের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন আশির দশকের এই জনপ্রিয় গায়ক। আলোচনার একপর্যায়ে সঞ্চালক জানতে চান, রেখা সত্যিই তাকে প্রেমপত্র লিখেছিলেন কি না। জবাবে হাসান জাহাঙ্গীর হেসে বলেন, কিছু বিষয় সংশ্লিষ্ট মানুষদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। সব কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না।
তার এই সংক্ষিপ্ত মন্তব্যের পর পুরোনো গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। তবে তিনি বিষয়টি যেমন নিশ্চিত করেননি, তেমনি সরাসরি অস্বীকারও করেননি। ফলে দীর্ঘদিনের সেই জল্পনা-কল্পনার অবসান ঘটেনি।
আলাপচারিতায় হাসান জাহাঙ্গীর বলিউডের বহু খ্যাতিমান তারকার সঙ্গে নিজের দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও তুলে ধরেন। তিনি জানান, মাধুরী দীক্ষিত, মন্দাকিনী, আশা ভোঁসলে, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, গোবিন্দ, সালমান খান এবং শাহরুখ খানের মতো শিল্পীদের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক রয়েছে।
মজার ছলে সঞ্চালক প্রশ্ন করেন, তাদের মধ্যে কে তাকে প্রেমপত্র লিখেছেন। প্রশ্ন শুনে হাসতে হাসতে গায়ক বলেন, “সবাই লিখেছে, সবাই লেখে। আমিও লিখেছি।” তার এই রসিক জবাব উপস্থিত সবাইকে হাসির খোরাক জোগায়।
পডকাস্টে নিজের জীবনের একটি অদ্ভুত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন হাসান জাহাঙ্গীর। তিনি দাবি করেন, একবার কয়েকজন ডাকাত তার মোবাইল ফোন ও গাড়ির চাবি ছিনিয়ে নিয়েছিল। পরে তিনি নিজের পরিচয় দেওয়ার পর তারা তাকে চিনতে পারে। এরপর তারা তার জিনিসপত্র ফিরিয়ে দিয়ে ক্ষমা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও নিজের মতামত তুলে ধরেন এই শিল্পী। তিনি বলেন, দেশপ্রেম কখনো ঘৃণা, বিদ্বেষ কিংবা সংঘাতের কারণ হওয়া উচিত নয়। নিজের দেশের প্রতি ভালোবাসা বজায় রেখেও প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা সম্ভব বলে তিনি মনে করেন। তার ভাষায়, কোনো সমস্যার স্থায়ী সমাধান যুদ্ধের মাধ্যমে আসে না; আলোচনাই শান্তির সবচেয়ে কার্যকর পথ।
আলোচনার সময় তিনি প্রয়াত বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর দেওয়া একটি পরামর্শের কথাও স্মরণ করেন। হাসান জাহাঙ্গীর জানান, ধর্মেন্দ্র তাকে বলেছিলেন, “উঁচু চিন্তা করো, কিন্তু চোখ নিচু রাখো।” এই কথাটি তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। বড় স্বপ্ন দেখার পাশাপাশি বিনয়ী থাকার শিক্ষা তিনি এই উপদেশ থেকেই পেয়েছেন বলে জানান।
আশির দশকে দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হাসান জাহাঙ্গীর। তার গাওয়া ‘হাওয়া হাওয়া’ গানটি পাকিস্তানের পাশাপাশি ভারত, বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় অসাধারণ জনপ্রিয়তা লাভ করে। কয়েক দশক পেরিয়ে গেলেও গানটি আজও শ্রোতাদের কাছে সমানভাবে পরিচিত। সেই সাফল্যের সুবাদেই তিনি উপমহাদেশের অন্যতম পরিচিত পপশিল্পী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।
মন্তব্য