ইতিহাসের পাতায় ভাষা আন্দোলনের পাঁচজন ভাষাশহিদ, বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন ১৩৫৮) এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে।
১৯৫৩ সাল থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি তারিখে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ দিন প্রত্যুষে সর্বস্তরের মানুষ খালি পায়ে প্রভাতফেরীতে অংশগ্রহণ করে এবং শহীদ মিনারে গিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে।
Table of Contents
ইতিহাসের পাতায় ভাষা আন্দোলনের পাঁচজন ভাষাশহিদ
আবুল বরকত ( ১৯২৭-১৯৫২ )

জন্ম ১৯২৭ সালের ১৬ জুন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারলা গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। মাতৃভাষা বাংলার দাবিতে ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজের ২০ নম্বর ব্যারাকের বারান্দায় ছাত্র-জনতার মিছিলে আবুল বরকত শামিল হন। মিছিলে পুলিশ গুলি চালায়। বরকত পেটে গুলিবিদ্ধ হন। মুহূর্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়।
ভাষা শহীদ শফিউর রহমান (১৯১৮-১৯৫২)

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। সময় সকাল সাড়ে দশটা। ঢাকার নবাবপুর রোডে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে বিক্ষোভরত ছাত্র-জনতার ওপর পুলিশ বেপরোয়া গুলি চালায়। মিছিলে শামিল শফিউর রহমান গুলিবিব্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত শফিউর ঐ দিন সন্ধ্যা সাতটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ (১৯২৯-১৯৫২)

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দুপুর সোয়া তিনটা। বাংলাভাষার অধিকার রক্ষার আন্দোলনে প্রথম শহিদ রফিকউদ্দিন আহমেদ। ঐদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের মিছিলে পুলিশের গুলিতে রফিক ঘটনাস্থলে শহিদ হন। তাঁকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়।
ভাষা শহীদ আবদুল জব্বার (১৯১৯-১৯৫২)

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সংগ্রামী জনতার বিশাল সমাবেশ চলছিল। পুলিশ সমাবেশে গুলি চালায়। পুলিশের গুলিতে সমাবেশে অংশগ্রহণকারী আবদুল জব্বার গুলিবিদ্ধ হন। ঐদিন রাতে চিকিত্সাধীন আবদুল জব্বার মারা যান। তাঁকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়।
ভাষা শহীদ আবদুস সালাম (১৯২৫-১৯৫২)

মহান ভাষা আন্দোলনে শহিদ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় ১৪৪ ধারা জারি অবস্থায় ছাত্র-জনতার মিছিল চলে। মিছিলে অংশ নেন আবদুস সালাম। মিছিলে পুলিশের গুলিতে আবদুস সালাম মারাত্মকভাবে আহত হন। তিনি ৭ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সারত মারা যান।