জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলার ঘটনায় ঢাকার তেজগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে একজন মো. নাইম, যিনি লুট করা অর্থ দিয়ে টেলিভিশন ও ফ্রিজ ক্রয় করেছিলেন, এমন তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে, যা হামলার সময় লুট হওয়া অর্থের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন, মোট ১ লাখ ২৩ হাজার টাকা তিনি লুট করেছিলেন। এই অর্থের একটি অংশ দিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে তিনি একটি টেলিভিশন ও একটি ফ্রিজ ক্রয় করেন, যা ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অন্যান্য গ্রেপ্তারদেরও জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রোববার (২১ ডিসেম্বর) পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন যে, ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সন্দেহে বর্তমানে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এছাড়াও, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার অন্যান্যদেরও প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। তদন্তে স্বচ্ছতা বজায় রেখে দ্রুততম সময়ে ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
