আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের মোট ৩২ হাজার ৮১১ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারীর মধ্যে ২৮ হাজার ৫১৬ জন পুরুষ এবং ৪ হাজার ২৯৫ জন নারী ভোটার রয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৫৫৮, জাপানে ৫ হাজার ৭৯২, যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৪৮৭, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ৬৫৬, অস্ট্রেলিয়ায় ২ হাজার ৯৫৮, কানাডায় ২ হাজার ৭৫৮ এবং চীনে ১ হাজার ৫৫৫ ভোটার নিবন্ধন করেছেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা দেশের নির্বাচনী ইতিহাসে গুরুত্বপূর্ণ। এছাড়া দেশভিত্তিক সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু হয়েছে, যা প্রায় ১০ লাখ ভোটারকে সুবিধা দেবে।
প্রধান নির্বাচন কমিশনার ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। প্রথম ধাপের নিবন্ধন ১৯ থেকে ২৩ নভেম্বর পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায়; দ্বিতীয় ধাপ ২৪ থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের জন্য; ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপে; ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব; ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া; এবং ১৪ থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে অনুষ্ঠিত হবে।
প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হলে অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখতে পারবেন। সঠিক ঠিকানা প্রদান আবশ্যক, যাতে বিদেশে ব্যালটপ্রাপ্তি নিশ্চিত হয়।
জিলাইভ/টিএসএন
